চ্যাটবট কীভাবে আপনার কথা বোঝে

প্রতীকী ছবিটি এআই দিয়ে তৈরি

আপনি কি জানেন, প্রতিদিন সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ চ্যাটবটের সঙ্গে কথা বলছেন—কেউ রান্নার রেসিপি জানতে, কেউ অফিসের ই–মেইল লিখতে, কেউবা এমনি এমনি সময় কাটাতে? 

সকাল সাতটায় অফিসে যাওয়ার আগে মেহজাবিনও ঠিক তা–ই করলেন। তাড়াহুড়ায় একটা গুরুত্বপূর্ণ ই–মেইল লিখতে ভুলে গেছেন। কিন্তু লিখতেই হবে, হাতে সময় নেই। তিনি চ্যাটবট বা কথোপকথনমূলক এআইকে বললেন, ‘এ বিষয়ে একটা ভদ্র ই–মেইল লিখে দাও।’ মাত্র ১০ সেকেন্ডে খসড়া রেডি, শুধু একটু ঠিকঠাক করে পাঠিয়ে দিলেন।

চ্যাটবট কীভাবে এত দ্রুত লিখতে পারে? আসলে এটি কোটি কোটি লেখা পড়ে ‘শিখেছে’, বলা ভালো ‘শেখানো হয়েছে’। কোন শব্দের পরে সাধারণত কোন শব্দ বসে। ফলে প্রশ্নের প্রসঙ্গ বুঝে স্বাভাবিক ভাষায় উত্তর তৈরি করতে পারে এটি, প্রায় মানুষের লেখার মতোই।

কিন্তু এখানেই সবচেয়ে সাধারণ ভুল ধারণাটা তৈরি হয়—অনেকে ভাবেন চ্যাটবট মানে ‘সবজান্তা’। বাস্তবে এটি মাঝেমধ্যে আত্মবিশ্বাসের সঙ্গেই ভুল তথ্য দিয়ে বসে, বিশেষ করে খুবই সাম্প্রতিক ঘটনা বা জটিল হিসাব-নিকাশের ক্ষেত্রে। অনেক সময় এমনও হয়, ভুল তথ্যটা এতই স্বাভাবিকভাবে লেখা থাকে যে সেটা ধরাই কঠিন হয়ে পড়ে সাধারণ পাঠকের জন্য।

তাই মনে রাখবেন, চ্যাটবট প্রতিস্থাপন নয়, বরং একজন দ্রুতগতির সহকারী মাত্র।

l লেখক: টেক ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর