৩১ অক্টোবর বাক্কোর নির্বাচন

আগামী ৩১ অক্টোবর বাক্কো নির্বাচন অনুষ্ঠিত হবেসংগৃহীত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। ১১ আগস্ট নির্বাচন বোর্ড কর্তৃক প্রকাশিত এই তফসিল অনুযায়ী, আগামী ৩১ অক্টোবর বাক্কো নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাক্কো।

১২ সদস্যের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আইসিসি কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম। সদস্য হিসেবে রয়েছেন নেক্সট অনলাইন লিমিটেডের পরিচালক (অপারেশন) হাবিবুল হক ও টেক পয়েন্ট বিপিওর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম মনজুরুল ইসলাম।

নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ভেলোসিটা ইনফোসিস লিমিটেডের চেয়ারম্যান মনিরুল ইসলাম। সদস্য হিসেবে রয়েছেন এমরাজিনা টেকনোলোজিসের স্বত্বাধিকারী এমরাজিনা ইসলাম ও এম/এস ফায়ার অ্যান্ড সেফটি ম্যানেজমেন্টের ম্যানেজিং পার্টনার ফয়সাল আহমেদ।

ঘোষিত তফসিল অনুযায়ী প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ৯ সেপ্টেম্বর। ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। এরপর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ৩১ অক্টোবর ভোট গণনা শেষে প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে।

বাক্কো নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, বাক্কো নির্বাচনের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন বোর্ড এবং নির্বাচন আপিল বোর্ড যথাসাধ্য কাজ করে যাচ্ছে।