কম্পিউটার থেকে প্রতি সেকেন্ডে ৮০ গিগাবিট গতিতে তথ্য স্থানান্তর করা যাবে

কম্পিউটার থেকে দ্রুত তথ্য স্থানান্তর করা যাবেফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে ইউএসবি কেব্‌লের মাধ্যমে স্মার্টফোন ও কম্পিউটার থেকে তথ্য, ছবি, অডিও বা ভিডিও ফাইল স্থানান্তর করেন অনেকেই। তবে ফাইলের আকার বড় হলে বা একসঙ্গে একাধিক ফাইল আদান-প্রদান করলে তথ্য স্থানান্তরে বেশি সময় প্রয়োজন হয়। এর ফলে প্রয়োজনের সময় চাইলেও দ্রুত তথ্য স্থানান্তর করা যায় না। উইন্ডোজ ব্যবহারকারীদের এ সমস্যা সমাধানে ইউএসবি কেব্‌লের মাধ্যমে প্রতি সেকেন্ডে ৮০ গিগাবাইট গতিতে তথ্য স্থানান্তরের সুযোগ চালু করতে যাচ্ছে মাইক্রোসফট। এরই মধ্যে এ সুবিধার কার্যকারিতা পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফট জানিয়েছে, ‘উইন্ডোজ ১১ ইনসাইডার প্রিভিউ’তে ইউএসবি সি কেব্‌লের মাধ্যমে পরীক্ষামূলকভাবে উচ্চগতিতে তথ্য স্থানান্তর করা যাচ্ছে। ‘ইউএসবি-ফোর’–সমর্থিত এ সুবিধা কাজে লাগিয়ে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার থেকে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৮০ গিগাবিট (জিবিপিএস) গতিতে তথ্য স্থানান্তর করা যাবে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে ইউএসবির নতুন সংস্করণ ‘ইউসএসবি-ফোর (ভার্সন ২)’ উন্মুক্ত করা হয়। এর মাধ্যমে প্রতি সেকেন্ড সর্বোচ্চ ৮০ গিগাবিট গতিতে তথ্য স্থানান্তর করা সম্ভব। এর পর থেকেই উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এ প্রযুক্তি যুক্ত করতে কাজ করছে মাইক্রোসফট। প্রাথমিকভাবে উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে এ সুবিধা চালু করা হতে পারে।
সূত্র: বিজিআর ডটকম