নতুন রূপে স্টেডফাস্ট

লোগো উন্মোচন অনুষ্ঠানে স্টেডফাস্টের চেয়ারম্যান জোয়াইরিয়া মোস্তারি (মাঝে)।ছবি: স্টেডফাস্ট

ই–কমার্স উদ্যোক্তাদের সেবার মান আরও বাড়াতে নতুন রূপে কার্যক্রম শুরু করেছে কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান স্টেডফাস্ট। নতুন এ উদ্যোগের অংশ হিসেবে গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডিতে নিজেদের প্রধান কার্যালয়ে নতুন লোগো উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্টেডফাস্ট।

অনুষ্ঠানে স্টেডফাস্টের নতুন ব্র্যান্ড পরিচিতির বিভিন্ন দিক তুলে ধরেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কে এম রিদওয়ানুল বারী। পরে ই–কমার্স উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতিতে নতুন লোগো উন্মোচন করেন স্টেডফাস্টের চেয়ারম্যান জোয়াইরিয়া মোস্তারি। অনুষ্ঠানে জানানো হয়, নতুন ব্র্যান্ড পরিচিতির অংশ হিসেবে স্টেডফাস্টের ওয়েবসাইট ও অ্যাপের নতুন সংস্করণও উন্মুক্ত করা হচ্ছে।

অনুষ্ঠানে রিদওয়ানুল বারী বলেন, ‘১০ বছর আগে আমরা কয়েকজন মিলে শুরু করেছিলাম। আজ দেশের প্রতিটি ইউনিয়নে আমাদের রাইডাররা পৌঁছে যাচ্ছেন। আমাদের কাজটা বদলায়নি, কিন্তু আমাদের সামর্থ্য বদলেছে। আজ স্টেডফাস্ট শুধু দ্রুত নয়, প্রযুক্তিনির্ভর। নতুন লোগো সেই পরিবর্তনকেই স্বীকৃতি দিল।’

স্টেডফাস্টের তথ্যমতে, বর্তমানে তিন লাখের বেশি ই–কমার্স উদ্যোক্তা নিজেদের পণ্য ক্রেতাদের কাছে পাঠানোর জন্য স্টেডফাস্টের ওপর নির্ভর করছেন। দেশের প্রতিটি ইউনিয়নসহ প্রত্যন্ত ও দুর্গম এলাকায় পণ্য পৌঁছে দিতে কাজ করছেন স্টেডফাস্টের কয়েক হাজার কর্মী। এর ফলে প্রত্যন্ত অঞ্চলের উদ্যোক্তারাও সারা দেশে পণ্য পাঠানোর সুযোগ পাচ্ছেন। স্টেডফাস্টের মাধ্যমে উদ্যোক্তারা দেশের বাইরেও পণ্য পাঠাতে পারেন।