নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের আলট্রালিংক–সুবিধাযুক্ত স্মার্টফোনে
কাছাকাছি দূরত্বে থাকা সত্ত্বেও অনেক সময় মোবাইল নেটওয়ার্ক না থাকলে বিপদে পড়তে হয়। কখনো আবার দুর্বল নেটওয়ার্কের কারণে জরুরি ফোনকল করাও কঠিন হয়ে দাঁড়ায়। এ সমস্যার সমাধানে নিজেদের তৈরি স্মার্টফোনে ‘আলট্রালিংক’–সুবিধা যুক্ত করেছে ইনফিনিক্স। এর ফলে প্রতিষ্ঠানটির আলট্রালিংক–সুবিধাযুক্ত দুটি স্মার্টফোন কাজে লাগিয়ে মোবাইল টাওয়ারের সাহায্য ছাড়াই কথা বলার পাশাপাশি বার্তা ও ছবি আদান–প্রদান করা যাবে। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইনফিনিক্স বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খোলা পরিবেশে কোনো বাধা না থাকলে একই ব্র্যান্ডের দুটি আলট্রালিংক–সুবিধাযুক্ত ফোনের মাধ্যমে সর্বোচ্চ দেড় কিলোমিটার দূর পর্যন্ত যোগাযোগ করা যায়। এরই মধ্যে প্রতিষ্ঠানটির এক গবেষণায় ইনফিনিক্স হট ৭০ প্রো ৫জি মডেলের ফোনে এ সুবিধা পাওয়া গেছে। তবে পরিবেশ ও মডেলভেদে এই দূরত্বের পরিমাণ কম হতে পারে।
ইনফিনিক্সের তথ্যমতে, সুবিধাটি নেটওয়ার্কের কোনো বিকল্প নয়, তবে নেটওয়ার্ক সিগন্যাল না থাকলে পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের বাড়তি মাধ্যম হিসেবে কাজ করবে আলট্রালিংক। এর ফলে প্রিয়জনদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করতে পারবেন ইনফিনিক্স ফোন ব্যবহারকারীরা।
বর্তমানে ইনফিনিক্সের হট ৭০ সিরিজ, নোট ৬০ সিরিজ ও স্মার্ট ২০ সিরিজের ফোনগুলোয় আলট্রালিংকের সুবিধা ব্যবহার করা যায়। ভবিষ্যতে আরও বেশি মডেলের ফোনে সুবিধাটি ব্যবহার করা যাবে।