প্রযুক্তির এই দিনে: ২৮ নভেম্বর
সাড়াজাগানো গেম ‘গ্র্যান্ড থেফট অটো’ প্রকাশিত
ডেভিড জোনস ও মাইক ডেইলির তৈরি করা অ্যাকশন–অ্যাডভেঞ্চার ঘরানার সিরিজ ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো (জিটিএ)’ প্রকাশিত হয়।
২৮ নভেম্বর ১৯৯৭
সাড়াজাগানো গেম ‘গ্র্যান্ড থেফট অটো’ প্রকাশিত
ডেভিড জোনস ও মাইক ডেইলির তৈরি করা অ্যাকশন–অ্যাডভেঞ্চার ঘরানার সিরিজ ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো (জিটিএ)’ প্রকাশিত হয়। সিরিজের পরবর্তী কিছু গেমস তৈরি করেন ড্যান ও স্যাম হাইজার ভ্রাতৃদ্বয়, লেসলি বেনজিস এ অ্যারন গারবুট। জিটিএর প্রকাশক মার্কিন প্রতিষ্ঠান রকস্টার গেমস। রকস্টারের ব্রিটিশ অঙ্গপ্রতিষ্ঠান রকস্টার নর্থ গেমগুলো বানায়। প্রকাশের পর থেকেই গেম দুনিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পায় জিটিএ। এমনই এর জনপ্রিয়তা যে যুক্তরাষ্ট্রে গাড়ি চুরির ঘটনার একটি শব্দ হয়ে ওঠে জিটিএ।
গ্র্যান্ড থেফট অটোতে গেমারকে একটি কাহিনি ধরে অভিযান সম্পন্ন করতে হয়। ১৯৬০ থেকে ২০১০ পর্যন্ত সময়কালে সত্যিকারের শহর ধরে গেমের কাহিনি গড়ে ওঠে। আসল জিটিএতে তিনটি শহরে গেম খেলা যায়। এই তিন শহর হলো লিবার্টি সিটি (নিউইয়র্কভিত্তিক), স্যান অ্যান্ড্রিয়াস (স্যান ফ্রান্সিসকোভিত্তিক) ও ভাইস সিটি (মায়ামিভিত্তিক)।
জিটিএ এখন পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রীত ভিডিও গেম। সাড়ে ৪০ কোটি জিটিএ বিক্রি হয়েছে। ১৯৯৭ সালের ২৮ নভেম্বর প্রথম প্রকাশের পর জিটিএর বেশ কিছু পর্ব প্রকাশিত হয়েছে। সর্বশেষ পর্ব ‘গ্র্যান্ড থেফট অটো: দ্য ট্রিলজি—দ্য ডেফিনিটিভ’ এডিশন প্রকাশিত হয়েছে ২০২১ সালের ১১ নভেম্বর।
২৮ নভেম্বর ১৯৫৪
প্রথম ফোট্র্যান প্রোগ্রামের অন্যতম প্রোগ্রামার হারবার্ট ব্রাইটের মৃত্যু
প্রথম দিককার ফোট্র্যান প্রোগ্রামিং ভাষার অন্যতম নির্মাতা হারবার্ট ব্রাইট ৬৭ বছর বয়সে মারা যান। ফোট্র্যানে তিনি প্রথম এরর মেসেজ যোগ করেছিলেন। ডেটা এনক্রিপশনের মাধ্যমে তথ্যেরে সুরক্ষা দেওয়ার পথিকৃৎ ছিলেন তিনি। ব্রাইটি এটিঅ্যান্ডটি ল্যাবরেটরিজে গবেষক হিসেবে কাজ করেছেন। তিনি অ্যাসোসিয়েশন ফর কম্পিউটার মেশিনারির (এসিএম) বিভিন্ন নির্বাহী পদেও দায়িত্ব পালন করেছেন।
২৮ নভেম্বর ১৯৮৩
অনলাইনে সবচেয়ে বড় বিবিএস এক্সেক–পিসি চালু
বব ম্যাহোনির মালিকানাধীন অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান এক্সেক–পিসি অনলাইনে বুলেটিন বোর্ড সিস্টেম (বিবিএস) চালু করে। গত শতকের আশির দশক থেকে নব্বইয়ের দশক পর্যন্ত এটি ছিল পৃথিবীর সবচেয়ে বড় বিবিএস।
ইন্টারনেটের প্রথম দিকে বুলেটিন বোর্ড সিস্টেম বা বিবিএসকে কম্পিউটার বুলেটিন বোর্ডও বলা হতো। সার্ভারভিত্তিক সফটওয়্যারে চলত বিবিএস। এটি ব্যবহারকারীদের টারমিনাল প্রোগ্রামে যুক্ত হতে দিত। একবার লগইন করে ব্যবহারকারী সফটওয়্যার এবং ডেটা আপলোড ও ডাউনলোড করতে পারত। একই সঙ্গে বিবিএসে থাকা সংবাদ ও বুলেটিন পড়া যেত। বিবিএসে বার্তা আদান–প্রদান ও সরাসরি চ্যাটিংয়ের সুবিধাও ছিল। আশির দশকে ফিডোনেটের মতো কিছু মেসেজ নেটওয়ার্ক নেটমেইল সেবা চালু করে। নেটমেইল এখনকার ওয়েবভিত্তিক ই–মেইল সেবার মতো ছিল।
অনেক বিবিএস অনলাইন গেম খেলার সুবিধাও দিত। অনলাইনে একাধিক ব্যবহারকারী একসঙ্গে গেম খেলতে পারতেন। বিবিএস টেলিফোন সংযোগভিত্তিক ডায়াল–আপ ইন্টারনেটের সময়ে জনপ্রিয় প্রযুক্তি ছিল। আজ যে আধুনিক ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা দেখি, এসবের পূর্বসূরি হলো বুলেটিন বোর্ড সিস্টেম।