মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে সেরা ৪ প্রযুক্তি ও পণ্য
স্পেনের বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬ মেলার পর্দা নেমেছে গতকাল বৃহস্পতিবার। জিএসএমএ আয়োজিত চার দিনের এই আন্তর্জাতিক প্রযুক্তি মেলায় বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠান নিজেদের তৈরি নতুন পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করেছে। মেলায় প্রদর্শন করা পণ্য ও প্রযুক্তি পর্যালোচনা করে সেরা চার প্রযুক্তি ও পণ্য নির্বাচন করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগল। ‘মোস্ট ইমপ্যাক্টফুল লঞ্চ’, ‘বেস্ট কনসেপ্ট’, ‘বেস্ট নিউ প্রোডাক্ট’ ও ‘অনারেবল মেনশন’ বিভাগে স্বীকৃতি পাওয়া সেরা প্রযুক্তি ও পণ্যগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।
১. মোস্ট ইমপ্যাক্টফুল লঞ্চ: স্ন্যাপড্রাগন ওয়্যার এলিট
স্মার্টফোনের প্রসেসর প্রযুক্তি দ্রুত অগ্রসর হলেও স্মার্ট ঘড়ির চিপসেট এত দিন তুলনামূলকভাবে পিছিয়ে ছিল। নতুন চিপ স্ন্যাপড্রাগন ওয়্যার এলিট সেই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। চিপটি উন্মোচন করেছে কোয়ালকম। প্রতিষ্ঠানটির আগের সব স্মার্ট ওয়াচ চিপসেটের তুলনায় এটি আরও উন্নত।
চিপটিতে বড় ও ছোট কোরের সমন্বয়ে তৈরি ‘বিগ লিটল’ আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে। চিপটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রক্রিয়াকরণের সুবিধাও যুক্ত করা হয়েছে। এতে ভবিষ্যতে স্মার্টওয়াচ ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত হতে পারে।
২. বেস্ট কনসেপ্ট: লেনোভো লেজিয়ন গো ফোল্ড
মেলায় অনেক সময় এমন কিছু পণ্য প্রদর্শন করা হয়, যেগুলো এখনো বাজারে আসার জন্য প্রস্তুত না হলেও সেগুলো ভবিষ্যতের প্রযুক্তির সম্ভাবনা তুলে ধরে। এ বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে লেনোভোর নতুন ধারণামূলক গেমিং হ্যান্ডহেল্ড যন্ত্র লেনোভো লেজিয়ন গো ফোল্ড বিশেষভাবে নজর কেড়েছে। এটি মূলত ভাঁজযোগ্য গেম খেলার যন্ত্র। উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা পর্দাযুক্ত যন্ত্রটিতে কন্ট্রোলারও রয়েছে। ভাঁজ করা অবস্থায় যন্ত্রটির পর্দার আকার ৭ দশমিক ৭ ইঞ্চি। আর পুরোপুরি খুলে ব্যবহার করলে পর্দাটি ১১ দশমিক ৬ ইঞ্চি পর্যন্ত বড় হয়ে যায়।
৩. বেস্ট নিউ প্রোডাক্ট: অনার ম্যাজিক ভি৬
মেলায় প্রদর্শন করা নতুন পণ্যগুলোর মধ্যে সেরার স্বীকৃতি পেয়েছে অনারের ভাঁজযোগ্য স্মার্টফোন অনার ম্যাজিক ভি ৬। সাম্প্রতিক বছরগুলোতে অনেক ফোল্ডেবল স্মার্টফোন আরও পাতলা নকশার দিকে ঝুঁকেছে। কিন্তু সে ক্ষেত্রে অনেক সময় ব্যাটারির স্থায়িত্ব কমে যাওয়ার অভিযোগ পাওয়া যায়। এ ক্ষেত্রে অনার কিছুটা ভিন্ন পথ বেছে নিয়েছে। শুধু পাতলা নকশার দিকে না ঝুঁকে ফোনটির ব্যাটারির স্থায়িত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি। ফোনটিতে রয়েছে উন্নত ক্যামেরা ব্যবস্থা এবং উন্নত ডিসপ্লে প্রযুক্তি। ডিসপ্লেতে প্রতিফলন কমানোর সুবিধা যুক্ত করা হয়েছে। ফলে উজ্জ্বল আলোতেও পর্দা তুলনামূলকভাবে স্পষ্ট দেখা যায়। চলতি মাসেই চীনের বাজারে ফোনটির বিক্রি শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
৪. অনারেবল মেনশন: টিসিএলের এনএক্সটিপেপার অ্যামোলেড ডিসপ্লে প্রযুক্তি
এমডব্লিউসি মেলায় টিসিএলের এনএক্সটিপেপার অ্যামোলেড ডিসপ্লে প্রযুক্তি বিশেষভাবে দৃষ্টি কেড়েছে অনেকের। এনএক্সটিপেপার প্রযুক্তি এত দিন আইপিএস এলসিডি পর্দার ওপর ভিত্তি করে তৈরি হলেও এবার সেই প্রযুক্তিকে অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়েছে টিসিএল। নতুন অ্যামোলেড সংস্করণটি আগের আইপিএস এলসিডি–ভিত্তিক এনএক্সটিপেপার ৭০ প্রোর তুলনায় অনেক বেশি উজ্জ্বল এবং রঙে প্রাণবন্ত। একই সঙ্গে এতে প্রতিফলন কমানোর বৈশিষ্ট্য বজায় রাখা হয়েছে, যা পর্দা দেখার অভিজ্ঞতাকে আরও আরামদায়ক করে। তবে প্রযুক্তিটি কবে বাণিজ্যিকভাবে বাজারে আসবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সূচি জানায়নি টিসিএল। প্রদর্শনীতে শুধু নমুনাই দেখানো হয়েছে।
সূত্র: নাইনটুফাইভগুগল