এআই সুপারকম্পিউটার তৈরি করছে অ্যামাজন ও এনভিডিয়া

সুপারকম্পিউটারটিতে ১৬ হাজারের বেশি এনভিডিয়া জিএই ২০০ সুপারচিপ থাকবেএনভিডিয়া

প্রযুক্তিদুনিয়ায় চ্যাটজিপিটি নামের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চমক আসার পর সবাই যেন কৃত্রিম বুদ্ধিমত্তার পেছনে ছুটছে। এবার অ্যামাজন ওয়েব সার্ভিস ও এনভিডিয়া আরও বড় চমকের ঘোষণা দিয়েছে। ১৬ হাজারের বেশি সুপারচিপসহ ক্লাউডভিত্তিক এআই সুপারকম্পিউটার তৈরি করছে অ্যামাজন ও এনভিডিয়া। সুপারকম্পিউটারের জেনারেটিভ এআই অবকাঠামো তৈরির জন্য যৌথভাবে কাজও করবে প্রতিষ্ঠান দুটি।

অনেক প্রযুক্তিপ্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কাজের জন্য এক্সিলারেটর তৈরি করছে। এনভিডিয়ার কম্পিউটিং ইউনিফায়েড ডিভাইস আর্কিটেকচার প্ল্যাটফর্ম বর্তমানে এআইনির্ভর কাজের জন্য বেশ জনপ্রিয়। আর তাই অ্যামাজন ওয়েব সার্ভিসেস ও এনভিডিয়া কৌশলগত অংশীদারত্বে কাজ শুরু করেছে।

এআই সুপারকম্পিউটার তৈরির বিষয়ে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাডাম সেলিপস্কি বলেন, ‘সেইবার’ নামের এই প্রকল্পের মাধ্যমে দ্রুততম জিপিইউ-চালিত এআই সুপারকম্পিউটার তৈরি করা হবে। সুপারকম্পিউটারটিতে ১৬ হাজারের বেশি এনভিডিয়া জিএই ২০০ সুপারচিপ থাকবে।’

এই সুপারকম্পিউটার এনভিডিয়ার জেনারেটিভ এআই গবেষণা ও উন্নয়ন প্রকল্পের জন্য ব্যবহার করা হবে। যৌথভাবে কাজের জন্য এনভিডিয়ার ডিজিএক্স ক্লাউড অ্যামাজন ওয়েব সার্ভিসের সঙ্গে যুক্ত করা হবে। এ পদ্ধতিকে ‘এআই-ট্রেনিং-এ-এ-সার্ভিস’ প্ল্যাটফর্ম বলা হচ্ছে। প্ল্যাটফর্মটি অনেকটা ‘সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস’ বা স্যাসের মতো, যেখানে গ্রাহকেরা ক্লাউডনির্ভর অ্যাপ ব্যবহার করতে পারেন।

বাণিজ্যিকভাবে এই প্ল্যাটফর্মে জিএইচ ২০০ এনভিএল ৩২ প্রযুক্তি ব্যবহার করা হবে। আর থাকবে ১৯.৫ টেরাবাইট ইউনিফায়েড মেমোরি। প্ল্যাটফর্মটি ডেভেলপারদের এককভাবে সর্বোচ্চ শেয়ার্ড মেমোরি ব্যবহারের সুযোগ দেবে। ফলে প্ল্যাটফর্মটির মাধ্যমে উন্নত জেনারেটিভ এআই ও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের (এলএলএম) প্রশিক্ষণ কার্যক্রম সহজে পরিচালনা করা যাবে।

ক্লাউডভিত্তিক এআই সুপারকম্পিউটারটিতে এনভিডিয়ার জিএইচ ২০০ গ্রেস হপার সুপারচিপ ব্যবহার করা হবে। শুধু তা–ই নয়, এনভিলিংকের মাধ্যমে এতে ৩২টি গ্রেস হপার সুপারচিপ সংযুক্ত থাকবে। এ জন্য যৌথভাবে এনভিডিয়াচালিত অ্যামাজন ইসি ৩ তৈরি করা হচ্ছে। এতে এইচ ২০০ টেনসর কোর জিপিইউ ব্যবহার করা হবে, যা বড় আকারের জেনারেটিভ এআই এবং উচ্চ ক্ষমতার কম্পিউটিংয়ে ব্যবহার করা যাবে দারুণভাবে।

অ্যামাজন ও এনভিডিয়া যৌথভাবে সফটওয়্যারও তৈরি করবে, যা জেনারেটিভ এআইয়ের কাজের গতি বাড়াবে। এ জন্য নেমো এলএলএম ফ্রেমওয়ার্কের পাশাপাশি নেমো রিট্রিভার নামের চ্যাটবট ও সংক্ষিপ্তকরণ টুল তৈরি করা হবে। এ বিষয়ে এনভিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং বলেন, ‘জেনারেটিভ এআই ক্লাউডনির্ভর কাজে রূপান্তর ঘটাচ্ছে। গ্রাহকদের কম দামে অত্যাধুনিক জেনারেটিভ এআই প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিতে এনভিডিয়া ও অ্যামাজন কাজ করছে।’
সূত্র: টমস হার্ডওয়্যার