হোয়াটসঅ্যাপের বার্তা অ্যানিমেশনের সুবিধা নিয়ে আইফোন ব্যবহারকারীদের অসন্তোষ

হোয়াটসঅ্যাপফাইল ছবি: রয়টার্স

সম্প্রতি নিজেদের আইওএস সংস্করণে পাঠানো বার্তা অ্যানিমেশন আকারে প্রাপকদের চ্যাটবক্সে প্রদর্শন করছে হোয়াটসঅ্যাপ। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সুবিধাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক ব্যবহারকারী নতুন অ্যানিমেশনটিকে অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন। তাঁদের মতে, আগে হোয়াটসঅ্যাপে কোনো বার্তা পাঠানোর সঙ্গে সঙ্গেই সেটি চ্যাটবক্সে স্থিরভাবে দেখা যেত। এখন পাঠানো বার্তার বাবল ডান পাশ থেকে অ্যানিমেশনের মাধ্যমে ভেসে এসে চ্যাটবক্সে যুক্ত হচ্ছে। দেখতে সাধারণ পরিবর্তন মনে হলেও এটি অস্বস্তিকর।

খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) হোয়াটসঅ্যাপের নতুন অ্যানিমেশন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। একজন ব্যবহারকারী লিখেছেন, নতুন অ্যানিমেশনটি এতটাই বিরক্তিকর যে এটি দেখলে অস্বস্তি লাগে। আরেকজনের মতে, বার্তা পাঠানোর সময় নতুন অ্যানিমেশনটি বিরক্ত করছে। কেউ কেউ আবার রসিকতা করে লিখেছেন, এই পরিবর্তনে যেন ব্যবহারকারীদের মাথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপের তথ্যমতে, নতুন অ্যানিমেশনটি বন্ধ করার সুযোগ রয়েছে। এ জন্য অ্যাপটির সেটিংস মেনুতে গিয়ে অ্যাপিয়ারেন্স থেকে অ্যানিমেশনস অপশন নির্বাচন করতে হবে। এরপর মেসেজেসের টগল বন্ধ করে দিলেই আগের মতো কোনো অ্যানিমেশন ছাড়াই পাঠানো বার্তা দেখা যাবে।

প্রসঙ্গত, ব্যবহারকারীদের গোপনীয়তা বাড়াতে ‘ইউজারনেম’ সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে হোয়াটসঅ্যাপ। আগামী কয়েক মাসে ধাপে ধাপে ইউজারনেম ব্যবহার করে যোগাযোগের সুবিধা চালু করা হবে। এতে নতুন কারও সঙ্গে যোগাযোগ করতে নিজের ফোন নম্বর প্রকাশের প্রয়োজন হবে না। ব্যবহারকারীরা শুধু ইউজারনেম ব্যবহার করেই বার্তা আদান–প্রদান করতে পারবেন।

সূত্র: ডেইলি মেইল