এক্সে নতুন সুবিধা
২৮০ অক্ষরের মধ্যে বার্তা লেখার বিধিনিষেধ রয়েছে খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার)। ফলে ইচ্ছা থাকলেও বড় বার্তা পোস্ট করতে পারেন না সাধারণ এক্স ব্যবহারকারীরা। তবে অর্থের বিনিময়ে এক্স (প্রিমিয়াম ও প্রিমিয়াম প্লাস) ব্যবহারকারীরা সর্বোচ্চ ২৫ হাজার অক্ষরের প্রবন্ধ লেখার সুযোগ পেয়ে থাকেন। কিন্তু ব্যস্ত থাকার কারণে আকারে বড় এসব প্রবন্ধ পুরো পড়তে পারেন না অনেকে। এ সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ‘সামারাইজ’ সুবিধা চালু করেছে এক্স।
এক্সের তথ্যমতে, সামারাইজ সুবিধা কাজে লাগিয়ে এক্সে অন্যদের পোস্ট করা আকারে বড় প্রবন্ধের দ্রুত সারাংশ দেখা যাবে। ফলে ব্যবহারকারীরা আকারে বড় প্রবন্ধ পড়ার আগেই সেটির উল্লেখযোগ্য তথ্য জানতে পারবেন। এর মাধ্যমে তাঁরা পুরো প্রবন্ধ পড়বেন কি না, সে সম্পর্কে সহজেই দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন।
সামারাইজ সুবিধা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রবন্ধগুলোর উল্লেখযোগ্য তথ্য শনাক্ত করে সংক্ষেপে প্রদর্শন করে থাকে। সুবিধাটি ব্যবহারের পদ্ধতিও বেশ সহজ। সামারাইজ নামের বাটনে ক্লিক করলেই নির্দিষ্ট প্রবন্ধের সারাংশ করে দেবে এআই।
নতুন এ সুবিধা চালুর বিষয়ে এক্সের পণ্য বিভাগের প্রধান নিকিতা বিয়ার জানিয়েছেন, আকারে বড় প্রবন্ধের জন্য সারাংশ–সুবিধা চালু করা হয়েছে। প্রবন্ধটি পড়তে সময়ের সদ্ব্যবহার হবে কি না, তা জানতে শুধু ‘সারাংশ’ বাটনে ট্যাপ করতে হবে। সুবিধাটি প্রাথমিকভাবে প্রিমিয়াম ও প্রিমিয়াম প্লাস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে