ঢাকায় রোবট ফোন দেখালো অনার
বাংলাদেশে স্মার্টফোনের পাশাপাশি বড় পরিসরে কানেক্টেড স্মার্ট ডিভাইস ইকোসিস্টেম গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছে অনার বাংলাদেশ। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত ‘অনার কানেক্ট’ অনুষ্ঠানে এ পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি নতুন লোগো উন্মোচন ও বাংলাদেশে প্রথমবারের মতো নিজেদের তৈরি রোবট ফোন প্রদর্শন করেছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে স্মার্টফোনের পাশাপাশি ল্যাপটপ ও টেলিভিশন বাজারজাতের প্রস্তুতি নিচ্ছে অনার। নতুন এ উদ্যোগের আওতায় ৩২ থেকে ১০০ ইঞ্চি পর্দার বিভিন্ন মডেলের টেলিভিশন কেনার সুযোগ পাবেন ক্রেতারা।
অনারের দক্ষিণ-পূর্ব এশিয়ার জিটিএম পরিচালক লিও পেই বলেন, ‘বাংলাদেশে অনার স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে যাত্রা শুরু করেছিল, তবে ফোন এখন আমাদের বিস্তৃত স্মার্ট ডিভাইস ইকোসিস্টেমের একটি অংশমাত্র। আমাদের ফোন, ট্যাবলেট কম্পিউটার, পরিধানযোগ্য ডিভাইস, ল্যাপটপ ও টেলিভিশনগুলো এমনভাবে তৈরি করা হয়, যাতে এগুলো একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহারকারীর প্রয়োজন বুঝে কাজ করতে পারে।’
বাংলাদেশে অনারের অংশীদার স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘অনার বর্তমানে বাংলাদেশে প্রযুক্তিপণ্য তৈরি করছে, যেগুলোর মান বিশ্বের সেরা কারখানাগুলোয় তৈরি পণ্যের সমমানের। আমরা ধাপে ধাপে অনারের অন্যান্য প্রযুক্তিপণ্যও বাংলাদেশের বাজারে নিয়ে আসব।’
অনারের রোবট ফোন হাতে নিয়ে চলচ্চিত্র পরিচালক রায়হান রাফী বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, এটা দিয়ে আমি একটা এক্সপেরিমেন্টাল শর্ট ফিল্ম বানাতে পারব। ফিল্ম ক্যামেরা অনেক বড় হওয়ায় অনেক শট আমরা প্রয়োজন মতো নিতে পারি না। গাড়ির ভেতরে শট নেওয়া থেকে শুরু করে আরও অনেক কঠিন পরিস্থিতি তৈরি হয়। যেকোনো জায়গায় ফোনটি রেখে আমরা শুট করতে পারব।’
অনুষ্ঠানে বিশ্ববাজারে ২৮ সেপ্টেম্বর উন্মোচিত অনারের ম্যাজিক৯ প্রো ম্যাক্স মডেলের ফোনটি শিগগিরই বাংলাদেশের বাজারে আনা হবে বলে জানিয়েছে অনার বাংলাদেশ। এর পাশাপাশি নিজেদের তৈরি ম্যাজিক ভি৬ মডেলের ভাঁজযোগ্য ফোন, ট্যাবলেট কম্পিউটার, ইয়ারবাড, হেডফোন, স্মার্টঘড়ি, স্মার্ট গ্লাস, ল্যাপটপ ও টেলিভিশন প্রদর্শন করেছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অনার বাংলাদেশের ব্যবসাপ্রধান আবদুল্লাহ আল মামুন এবং পণ্য ও বিপণনপ্রধান সৈয়দ মো. বদরুল আরেফিন।