আইফোনে কি সত্যি স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুযোগ চালু হচ্ছে
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী আইফোন ব্যবহারকারী ব্যক্তিরা অ্যাপলের জরুরি এসওএস সেবা কাজে লাগিয়ে দুর্গম অঞ্চল বা নেটওয়ার্কবিহীন স্থান থেকে স্যাটেলাইটের মাধ্যমে জরুরি বিপদবার্তা পাঠাতে পারেন। তবে শিগগিরই আইফোনে স্যাটেলাইটের মাধ্যমে বিপদবার্তা পাঠানো ছাড়াও যেকোনো সময় ফাইভজি গতির ইন্টারনেট ব্যবহার করা যাবে বলে প্রযুক্তি বিশ্বে গুঞ্জন রটেছে। অনলাইনে ফাঁস হওয়া বিভিন্ন তথ্যে ইঙ্গিত মিলেছে, বাজারে আসতে যাওয়া আইফোন ১৮ সিরিজে স্যাটেলাইটের মাধ্যমে ফাইভজি ইন্টারনেট ব্যবহারের সুবিধা যুক্ত করতে পারে অ্যাপল। সুবিধাটি যুক্ত হলে আইফোন থেকে যেকোনো সময় স্যাটেলাইটের মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করা যাবে।
বর্তমানে আইফোন ১৪ বা পরবর্তী মডেলগুলোতে জরুরি পরিস্থিতির জন্য স্যাটেলাইট– সংযোগ সুবিধা ব্যবহার করা যায়। এই স্যাটেলাইট–সংযোগ সুবিধার মাধ্যমে জরুরি বার্তা পাঠানোর জন্য ফোন আকাশের দিকে তাক করে ধরতে হয়। নতুন সুবিধা যুক্ত হলে নেটওয়ার্ক না থাকা দুর্গম এলাকাতেও আইফোন ব্যবহারকারী ব্যক্তিরা অনলাইনে থাকতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।
চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে টিপস্টার ফিক্সড ফোকাস ডিজিটালের এক পোস্টে বলা হয়েছে, আইফোন ১৮ প্রোতে অ্যাপলের পরবর্তী প্রজন্মের সি টু মডেম যুক্ত হতে পারে। এই মডেম এনআর এনটিএন (নিউ রেডিও নন–টেরেস্ট্রিয়াল নেটওয়ার্কস) প্রযুক্তি সমর্থন করে। এই প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোন সরাসরি স্যাটেলাইটের সঙ্গে অথবা স্যাটেলাইটভিত্তিক ক্যারিয়ার নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত করা সম্ভব। ফলে দুর্গম ও নেটওয়ার্কবিহীন অঞ্চলেও স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ তৈরি হবে।
অ্যাপলের প্রযুক্তিবিষয়ক তথ্য ফাঁস করে ইতিমধ্যে খ্যাতি পেয়েছেন মার্ক গারম্যান। তাঁর তথ্য অনুযায়ী,অ্যাপল ‘ফাইভজি স্যাটেলাইট’ প্রযুক্তি নিয়ে কাজ করছে। প্রচলিত নেটওয়ার্ক ব্যর্থ হলেও আইফোন স্যাটেলাইটের মাধ্যমে সংযুক্ত থাকতে পারবে। মার্ক গারম্যানের তথ্য যদি সত্য হয়, তবে আইফোনে স্যাটেলাইট সুবিধা শুধু জরুরি সেবায় সীমাবদ্ধ না থেকে সাধারণ ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রেও সম্প্রসারিত হতে পারে।
আইফোনে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুযোগ চালুর বিষয়ে অ্যাপল এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি। তাই আইফোন ১৮ প্রো উন্মোচনের আগপর্যন্ত এসব তথ্যকে সম্ভাবনা হিসেবেই দেখছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
সূত্র: টেকলুসিভ, বিজিআর ডটকম