‘বট’ কী এবং কীভাবে কাজ করে 

ছবি: ক্লাউডফ্লেয়ার

অনলাইন জগতের একটা বড় অংশজুড়ে এখন দৃশ্যমান মানুষের চেয়ে অদৃশ্য এক প্রযুক্তির রাজত্ব। এই প্রযুক্তির নাম ‘বট’। সহজ কথায়, বট হলো এমন একধরনের সফটওয়্যার বা কম্পিউটার প্রোগ্রাম, যা মানুষের নির্দেশনা ছাড়াই নির্দিষ্ট কিছু কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারে। মানুষের আচরণের অনুকরণে তৈরি এই প্রোগ্রামগুলো বারবার করতে হয়, এমন কাজ মানুষের চেয়ে অনেক দ্রুত ও নির্ভুলভাবে সম্পাদন করে।

​অবাক করার মতো তথ্য হলো, বর্তমানে গোটা ইন্টারনেটের মোট ট্রাফিকের অর্ধেকের বেশি নিয়ন্ত্রণ করে নানা ধরনের বট। প্রতিদিন ওয়েবসাইটের তথ্য সংগ্রহ করা, ওয়েবপেজে ইন্টারঅ্যাক্ট করা বা গ্রাহকসেবায় ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দেওয়ার মতো কাজগুলো বটই সামলাচ্ছে। প্রতিটি বটেরই নিজস্ব আইপি (ইন্টারনেট প্রটোকল) ঠিকানা থাকে, যা দিয়ে ইন্টারনেটে–এদের শনাক্ত করা সম্ভব।

তবে ইন্টারনেট জগতে বটের ভূমিকা মুদ্রার দুই পিঠের মতো। এর ইতিবাচক ও ক্ষতিকর—দুই ধরনের প্রভাবই রয়েছে। ইন্টারনেটের হাজারো তথ্য সুবিন্যস্ত রাখা এবং সার্চ ইঞ্জিনে সহজে তথ্য খুঁজে পেতে সাহায্য করে উপকারী বট। এ ছাড়া বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের চ্যাটবট ২৪ ঘণ্টা গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দিয়ে সহায়তা করে। আবার সাইবার অপরাধীরা বটকে ক্ষতিকর উদ্দেশ্যে ব্যবহার করে। এগুলো মানুষের অ্যাকাউন্টে অনধিকার প্রবেশ করা, স্প্যাম পাঠানোর জন্য ই–মেইল ও যোগাযোগ নম্বর চুরি করা কিংবা সাইবার আক্রমণের সম্ভাব্য লক্ষ্য খোঁজার মতো অপরাধমূলক কাজ করে থাকে।

  • সূত্র: ক্লাউডফ্লেয়ার

  • আহসান হাবীব

  • টেকবার্তার সঙ্গে যোগাযোগ: [email protected]