মাইক্রোসফটের বিশ্বব্যাপী কারিগরি বিভ্রাটের সম্ভাব্য যে কারণ জানা গেল
বিশ্বব্যাপী বড় ধরনের কারিগরি বিভ্রাটের কারণে বাংলাদেশসহ প্রায় ৭৪টি দেশে মাইক্রোসফট আউটলুক, মাইক্রোসফট টিমস, কোপাইলটসহ বিভিন্ন সেবা গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ৩২ মিনিট (বাংলাদেশ সময়) থেকে অচল হয়ে আছে। দীর্ঘ ১৮ ঘণ্টার বেশি সময় বন্ধ থাকলেও বিশ্বের অন্যতম সেরা প্রযুক্তি প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত সমস্যার সমাধান করতে পারেনি। তবে এক বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে, সার্ভারের অবস্থা মূল্যায়ন এবং সক্ষমতা বাড়ানোর উপায় খুঁজতে কাজ চলছে। অবকাঠামোগুলোর রিবুট সম্পন্ন হওয়ার পর তৈরি করা নিরাপত্তা প্যাচগুলো প্রত্যাশা অনুযায়ী কাজ করছে কি না, তা–ও পর্যালোচনা করা হচ্ছে।
ওয়েবসাইটের কার্যক্রম পর্যবেক্ষণ করা ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্যমতে, ব্যবহারকারীরা মূলত বাংলাদেশ সময় মধ্যরাত থেকে ই–মেইল প্ল্যাটফর্ম আউটলুকে প্রবেশ করতে পারছেন না। প্রায় এক ঘণ্টার মধ্যে ডাউনডিটেক্টর ৭৪টি দেশ ও অঞ্চল থেকে সমস্যার তথ্য নথিভুক্ত করে। শুক্রবার গ্রিনিচ মান সময় সকাল ৭টা নাগাদ ৭২টি দেশের ব্যবহারকারীদের কাছ থেকে আউটলুক নিয়ে অন্তত ৪৩ হাজার অভিযোগ জমা পড়েছে।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বেনেট স্কুল অব পাবলিক পলিসির অ্যাফিলিয়েট গবেষক এবং এআই বিশেষজ্ঞ ওয়াল্টার পাসকোয়ারেলি জানান, প্রায় ৪৩ কোটি মানুষ মাইক্রোসফট সেবা ব্যবহার করেন। এখন পর্যন্ত আমরা যা জানি তা হলো, এটি মূলত একটি যোগাযোগ ঝুঁকি।
কারিগরি বিভ্রাটের সম্ভাব্য কারণ
মাইক্রোসফট এখন পর্যন্ত এই কারিগরি বিভ্রাটের মূল কারণ প্রকাশ করেনি। তবে মাইক্রোসফট নিশ্চিত করেছে, কোনো সাইবার হামলার কারণে এই সমস্যা হয়নি। মাইক্রোসফট নেটওয়ার্ক পরিবর্তন বা আপডেট ফিরিয়ে নেওয়ার কাজ করছিল। তবে ওই পরিবর্তনই সমস্যার জন্য দায়ী কি না, তা স্পষ্ট করেনি প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার গভীর রাতে এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে মাইক্রোসফটের কোপাইলট, এজেন্টস ও প্ল্যাটফর্ম বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস লামানা জানান, কোনো ক্ষতিকর বা সাইবার কার্যকলাপের ফলে এটি ঘটেছে. এমন কোনো ইঙ্গিত নেই।
প্রযুক্তি বিশ্লেষক রুপার্ট গুডউইনস জানান, সার্ভারের ওপর অতিরিক্ত চাপ সাধারণত দুটি উৎস থেকে হয়ে থাকে। প্রথমত, কোনো বহিরাগত আক্রমণকারী সিস্টেম ভেঙে ফেলার জন্য কৃত্রিম চাপ তৈরি করতে পারে। তবে মাইক্রোসফট জানিয়েছে এমন কোনো ঘটনা ঘটেনি। দ্বিতীয় সাধারণ কারণ হলো, অভ্যন্তরীণ সিস্টেমে ত্রুটিপূর্ণ আপডেট। অ্যাডমিনিস্ট্রেশন নেটওয়ার্কের মাধ্যমে সাধারণত সব সার্ভারে আপডেট পাঠানো হয়। আপডেটে কোনো ভুল থাকলে তা সমাধান করার বদলে সার্ভারগুলোকে রিসেট করে দেয় অথবা সেগুলোর পারস্পরিক যোগাযোগ বন্ধ করে দেয়।
প্রমাণের খোঁজে বিশেষজ্ঞরা
ওয়াল্টার পাসকোয়ারেলি জানান, এখন পর্যন্ত পাওয়া প্রমাণগুলো কারিগরি ব্যর্থতার দিকেই ইঙ্গিত করছে। কোনো কেবলের ক্ষতির কারণে অবকাঠামো নষ্ট হতে পারে। এটি অদক্ষতার লক্ষণ অথবা স্বয়ংক্রিয় সিস্টেমের কোনো ভুল হতে পারে। এআই সিস্টেমের কারণে অতিরিক্ত কম্পিউটেশনাল পাওয়ার বা ট্রাফিক তৈরি হয়ে এই সমস্যা হয়েছে, এমন কোনো প্রমাণ নেই। তবে রুপার্ট গুডউইনস মনে করেন, এআইয়ের প্রতি মাইক্রোসফটের অতিরিক্ত মনোযোগ পরোক্ষ ভূমিকা রাখতে পারে। মাইক্রোসফট পুরোপুরি এআই নিয়ে ব্যস্ত থাকায় ই–মেইল ও টিমসের মতো সেবা অবহেলিত রাজস্ব উৎসে পরিণত হয়েছে। এগুলো প্রয়োজনীয় বিনিয়োগ ও ব্যবস্থাপনার মনোযোগ পায়নি। মাইক্রোসফটের এত এআই থাকা সত্ত্বেও নেটওয়ার্ক ঠিক করার মতো কোনো এআই তাদের নেই।
মাইক্রোসফটের মেরামত প্রচেষ্টা কেন কাজ করছে না, তারও ব্যাখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। পাসকোয়ারেলি জানান, কিছু সার্ভার স্বয়ংক্রিয় হেলথ চেকে ব্যর্থ হওয়ায় ট্রাফিক অন্য সার্ভারে চলে যায় এবং সেগুলো অতিরিক্ত চাপে পড়ে। বিষয়টিকে চার লেনের মহাসড়ক হঠাৎ দুই লেন হয়ে যাওয়ার সঙ্গে তুলনা করেন তিনি। গুডউইনস জানান, অফলাইন হয়ে যাওয়া সার্ভার আবার যুক্ত হয়ে ফাইল সিনক্রোনাইজ করার চেষ্টা করলে অন্য সার্ভারে চাপে সেগুলো আবার ভেঙে পড়ে। সড়ক দুর্ঘটনা পরিষ্কার হওয়ার পর যেমন তীব্র যানজট তৈরি হয়, এটিও তেমন। এ ছাড়া মাইক্রোসফট থেকে অনেক অভিজ্ঞ প্রকৌশলী চলে যাওয়ায় সিস্টেমগুলো কীভাবে তৈরি ও পরিচালিত হয়, সেই প্রাতিষ্ঠানিক স্মৃতির ঘাটতি তৈরি হয়েছে।
বিভ্রাটের প্রভাব
মাইক্রোসফটের কারিগরি বিভ্রাটের কারণে সিঙ্গাপুর ও জাপানের সরকারি ব্যবস্থা এবং ফিলিপাইনের সুপ্রিম কোর্টের যোগাযোগ ব্যাহত হয়েছে। অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা ও ফেডারেল পুলিশও ক্ষতিগ্রস্ত হয়েছে। ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো এআই প্রতিষ্ঠানের সেবাও এতে বিঘ্নিত হয়। এর আগে ২০২৬ সালের জানুয়ারিতে উত্তর আমেরিকায় মাইক্রোসফট ৩৬৫ প্রায় ১০ ঘণ্টা বন্ধ ছিল। ২০২৪ সালের জুলাইয়ে ক্রাউডস্ট্রাইকের ত্রুটিপূর্ণ আপডেটে বিশ্বজুড়ে কম্পিউটার অচল হয়ে কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল। বর্তমান এই বিভ্রাট ইউরোপে মার্কিন প্রযুক্তিনির্ভরতা কমিয়ে নিজস্ব ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তোলার দাবিকে আরও জোরালো করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
অস্ট্রেলিয়ার সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রয় হান্ট জানান, এই কারিগরি বিভ্রাটের পরিণতি সুদূরপ্রসারী হতে পারে। মাইক্রোসফট ইন্টারনেটের মেরুদণ্ডের একটি বিশাল অংশ। এই বিভ্রাটের কারণে বোঝা যাচ্ছে ই–মেইল কতটা গুরুত্বপূর্ণ। এই বিভ্রাটের কারণে অনেকের কাজ করার ক্ষমতা প্রভাবিত হয়েছে। নিউজিল্যান্ডভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান গরিলা টেকনোলজির পল স্পেন জানান, ই–মেইল এবং সেবাগুলো অফলাইন থাকায় বিভিন্ন প্রতিষ্ঠান কার্যত ব্যবসার একটি দিন হারিয়ে ফেলেছে, যা ব্যবহারকারীদের হতাশ করছে।
সূত্র: আল–জাজিরা ও বিবিসি