এআই চ্যাটবটের সঙ্গে সন্তানের আলোচনার তথ্য অভিভাবকদের জানাবে মেটা
কিশোর-কিশোরীরা মেটার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চ্যাটবটের সঙ্গে কোন কোন বিষয়ে আলোচনা করছে, সে সম্পর্কে অভিভাবকদের ধারণা দিতে ‘সুপারভিশন’–সুবিধা চালু করেছে মেটা। এক ব্লগ বার্তায় মেটা জানিয়েছে, ইনস্টাগ্রাম, ফেসবুক ও মেসেঞ্জার প্ল্যাটফর্মের টিন অ্যাকাউন্টের সুপারভিশন টুলে থাকা ইনসাইটস ট্যাবের মাধ্যমে সন্তানদের এআই চ্যাটবট ব্যবহারের তথ্য জানা যাবে। নতুন এই উদ্যোগের মাধ্যমে সন্তানদের অনলাইন কার্যক্রম সম্পর্কে অভিভাবকেরা বর্তমানের তুলনায় আরও ভালোভাবে জানার সুযোগ পাবেন।
ইনসাইটস ট্যাবে এআই সহকারীর সঙ্গে কিশোর-কিশোরীদের কথোপকথনের তথ্য বিষয়ভিত্তিকভাবে দেখানো হবে। নির্দিষ্ট বিভাগে প্রবেশ করলে সীমিত পরিসরে সংশ্লিষ্ট উপবিষয়ও দেখা যাবে। যেমন ‘স্বাস্থ্য ও সুস্থতা’ বিভাগে ফিটনেস, শারীরিক স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যের মতো বিষয় থাকবে। তবে ট্যাবটিতে সর্বশেষ সাত দিনের কথোপকথনের তথ্য দেখানো হবে।
সাম্প্রতিক সময়ে নিরাপত্তাসংক্রান্ত সমালোচনা ও আইনি চাপে রয়েছে মেটা। এর মধ্যেই নতুন এই সুপারভিশন–সুবিধা চালুর ঘোষণা এল। সম্প্রতি শিশু নিরাপত্তা সুরক্ষা এবং প্ল্যাটফর্মের আসক্তিকর নকশার অভিযোগে দুটি গুরুত্বপূর্ণ মামলায় হেরেছে মেটা। এরপর গত জানুয়ারি মাসে মেটা কিশোর–কিশোরীদের এআই চ্যাটবট ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করে, যদিও তাদের সাধারণ এআই অ্যাসিস্ট্যান্ট চালু রাখা হয়।
সুপারভিশন সুবিধার পাশাপাশি ‘সাইবারবুলিং রিসার্চ সেন্টার’–এর সঙ্গে যৌথভাবে এআই চ্যাটবট ব্যবহারের বিষয়ে অভিভাবক ও কিশোর–কিশোরীদের মধ্যে আলোচনা সহজ করতে একটি নির্দেশিকা তৈরি করেছে মেটা। এ ছাড়া ‘এআই ওয়েলবিয়িং এক্সপার্ট কাউন্সিল’ গঠনেরও ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: ম্যাশেবল