উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে পাসকি
উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের জন্য পাসকি সুবিধা চালু করেছে মাইক্রোসফট করপোরেশন। কম্পিউটারের অপারেটিং সিস্টেমের হালনাগাদ প্রকাশের অংশ হিসেবে উইন্ডোজ ১১–এ পদ্ধতিটি চালুর ঘোষণা দেওয়া হয়েছে।
পাসকি ব্যবহার করে ইউজার নেম ও পাসওয়ার্ড প্রদান করা ছাড়াই ব্যবহারকারী ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশনে লগইন করতে পারেন। পাসকি পদ্ধতিতে পাসওয়ার্ডের বদলে যন্ত্রের পিন (পার্সোনাল আইডেনটিটি নাম্বার) বা বায়োমেট্রিক তথ্য দিয়ে ব্যবহারকারীর পরিচয় যাচাই করতে হয়।
ফাস্ট আইডেনটিটি অনলাইন বা ফিডোর অনুসরণ করে অনলাইনে নিরাপত্তা বাড়াতে এবং ফিশিং হামলা থেকে সুরক্ষিত থাকতে ২০২২ সালের মে মাসে পাসওয়ার্ডহীন পাসকি পদ্ধতি চালু করা হয়। এরপর গুগল, অ্যাপলসহ আরও বেশ কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের সেবার জন্য পাসওয়ার্ডের বদলে পাসকি পদ্ধতি চালু করে। চলতি বছরের জুনে উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামে পাসকি ম্যানেজমেন্ট চালু করে মাইক্রোসফট।
মাইক্রোসফটের এন্টারপ্রাইজ ও অপারেটিং সিস্টেম (ওএস) সিকিউরিটির ভাইস প্রেসিডেন্ট ডেভিড ওয়েসটন বলেন, আন্তপ্ল্যাটফর্মে সুরক্ষিত সাইনইন ব্যবস্থাপনার ভবিষ্যৎ হলো পাসকি। পাসকি একটি স্বতন্ত্র ও সুরক্ষিত ক্রিপ্টোগ্রাফিক ক্রেডেনশিয়াল তৈরি করে, যা যন্ত্রে নিরাপদে সংরক্ষিত থাকে।
পাসকি ব্যবহারের ফলে জটিল পাসওয়ার্ড মনে রাখার প্রয়োজন পড়ে না। একই অপারেটিং সিস্টেমচালিত যন্ত্রে ব্যবহারকারীর যে বায়োমেট্রিক তথ্য সংরক্ষিত থাকে, সেটি পাসকি হিসেবে ব্যবহৃত হয়। ফলে খুব সহজে ও নিরাপদে পাসওয়ার্ড না দিয়েই অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটে সাইনইন করা যায়।
উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে উইন্ডোজ হ্যালো থেকে পাসকি তৈরি করা যাবে। এ অপারেটিং সিস্টেমের কম্পিউটারের স্টার্ট অপশন থেকে সেটিংসে গিয়ে অ্যাকাউন্টস নির্বাচন করে পাসকি খুঁজে পাওয়া যাবে। এখান থেকে ব্যবহারকারী পাসকি পদ্ধতি ব্যবস্থাপনা করতে পারবেন। এ ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠানের উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের যন্ত্রের জন্য উইন্ডোজ হ্যালো ফর বিজনেস চালুর ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।
সূত্র: দ্য হ্যাকারনিউজ ডটকম