অ র্থ নী তি ১ ম প ত্র

অধ্যায়-৪ ও ৫
প্রিয় শিক্ষার্থী, অর্থনীতি ১ম পত্র থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।
প্রশ্ন: লেখচিত্র কাকে বলে?
উত্তর: স্বাধীন ও অধীন চলকের মধ্যকার সম্পর্ক যখন চিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তখন সেই চিত্রকে লেখচিত্র বলে।
উদাহরণ: y = f(x) অপেক্ষকটিতে x হলো স্বাধীন চলক এবং y হলো অধীন চলক। এখানে x-এর প্রতিটি মানের প্রেক্ষিতে y-এর একটি মান পাওয়া যাবে। এ (x, y)-এর মানসমূহ একটি কাগজে উপস্থাপিত করলে কতগুলো বিন্দু পাওয়া যাবে। এ বিন্দুসমূহ যোগ করার ফলে যে রেখার উৎপত্তি হয়, তাকে লেখচিত্র বলে। সুতরাং বলা যায়, লেখচিত্র হলো এমন একটি চিত্র, যার সাহায্যে পরিমাণসমূহের মধ্যে গাণিতিক সম্পর্ক নির্দেশ করা যায়।
প্রশ্ন: অর্থনৈতিক চলক কাকে বলে?
উত্তর: অর্থনীতিতে যেসব ধারণা বা বিষয়সমূহ গাণিতিক প্রক্রিয়ায় স্থান, কাল ও পাত্রভেদে ভিন্ন ভিন্ন মান পরিগ্রহ করে, সেগুলোকে অর্থনৈতিক চলক বলে। অর্থাৎ যেসব চলক গাণিতিক বিশ্লেষণে ব্যবহূত হয়, তা-ই হলো অর্থনৈতিক চলক। চাহিদা, জোগান, দাম, আয়, ভোগ, ব্যয়, সঞ্চয়, বিনিয়োগ, শ্রম, মূলধন, জনসংখ্যা, উৎপাদন, কর্মসংস্থান ইত্যাদিকে অর্থনৈতিক চলক হিসেবে বিবেচনা করা হয়। মোট কথা অর্থনীতির সঙ্গে সম্পর্কযুক্ত চলকই হলো অর্থনৈতিক চলক।
দেখা যায়, বিভিন্ন দামে চাহিদার বিভিন্ন পরিমাণ পাওয়া যায়। দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। এখানে দাম ও চাহিদা উভয়ই পরিবর্তনশীল হওয়ায় এরা অর্থনৈতিক চলক। তদ্রূপ আয় ও সঞ্চয় উভয়ই চলক। আয় বাড়লে সঞ্চয় বাড়ে। আবার আয় কমলে সঞ্চয় কমে। অর্থাৎ সঞ্চয় আয়ের ওপর নির্ভর করে।
অতএব চাহিদা, জোগান, দাম, আয়, সঞ্চয় ইত্যাদি চলক অর্থনীতির সঙ্গে সম্পর্কিত বলে এগুলোকে অর্থনৈতিক চলক বলা হয়ে থাকে।
প্রশ্ন: চাহিদা বিধি কী?
উত্তর: চাহিদা দামের ওপর নির্ভরশীল। দামের পরিবর্তন হলে চাহিদার পরিবর্তন হয়। অর্থাৎ দামের সঙ্গে চাহিদার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অন্যান্য অবস্থা অপরিবর্তিত বিবেচনা করে কোনো পণ্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে। দাম ও চাহিদার মধ্যে এই বিপরীতমুখী সম্পর্ক যে নিয়ম বা বিধি দ্বারা নির্দেশিত হয়, তাকে চাহিদাবিধি নামে অভিহিত করা হয়। চাহিদাবিধি অনুযায়ী চাহিদা দামের সঙ্গে বিপরীতক্রমে ওঠানামা করে। চাহিদাবিধি হলো একটি নীতি, যে নীতি অনুযায়ী কোনো নির্দিষ্ট সময়ে অন্য সবকিছু অপরিবর্তিত থাকলে একটি নির্দিষ্ট দ্রব্যের দাম যখন বাড়ে তখন এর চাহিদা কমে আবার দাম যখন কমে তখন এর চাহিদা বাড়ে। এখানে অন্যান্য অবস্থা বলতে ভোক্তার আয়, রুচি, অভ্যাস, ক্রেতার সংখ্যা প্রভৃতিকে বোঝায়। এসব বিষয় অপরিবর্তিত বিবেচনা করেই দামের পরিবর্তনের ফলে চাহিদা পরিবর্তিত হয় ধরে নেওয়া হয়। ধরা যাক, কোনো দ্রব্যের দাম যখন ১০ টাকা, তখন চাহিদার পরিমাণ ১০০ একক। দাম বেড়ে ৩০ টাকা হওয়ায় এর চাহিদা কমে হলো ৭০ একক। এভাবে দাম বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদা হ্রাস পায়। এটাই চাহিদাবিধি। এ বিধি অনুযায়ী দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক প্রকাশ পায়।
প্রভাষক, সিলেট ক্যাডেট কলেজ, সিলেট
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল