মুহাম্মদ জসীম উদ্দীন, প্রভাষক, সিলেট ক্যাডেট কলেজ, সিলেট
অধ্যায়-৫ ও ৬ n
প্রিয় শিক্ষার্থী, অর্থনীতি ১ম পত্র থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।
প্রশ্ন: জোগানের নির্ধারকসমূহ কী কী?
উত্তর: কোনো দ্রব্যের জোগান যেসব বিষয়ের ওপর নির্ভরশীল, সেসব বিষয়কে জোগানের নির্ধারক বলে। জোগানের নির্ধারকসমূহ হলো:
১. দ্রব্যের দাম ২. উৎপাদনকারীদের ভোগের পরিমাণ ৩. উৎপাদন ব্যয়ের পরিবর্তন
৪. উৎপাদন পদ্ধতির পরিবর্তন ৫. আবহাওয়া
৬. করের প্রভাব ৭. সময়ের প্রভাব ৮. পরিপূরক দ্রব্যের দামের পরিবর্তন ৯. বিকল্প দ্রব্যের দামের পরিবর্তন ১০. যুক্ত জোগান ইত্যাদি।
প্রশ্ন: ভারসাম্য দাম কাকে বলে?
উত্তর: বাজারে ক্রেতা-বিক্রেতারা স্বাধীনভাবে দর-কষাকষি করে দ্রব্যসামগ্রী ক্রয়-বিক্রয় করে। ক্রেতা-বিক্রেতাদের মধ্যে এ রকম দর-কষাকষির ফলে একটি নির্দিষ্ট দামে চাহিদা ও জোগানের মধ্যে সমতা আসে। এভাবে চাহিদা ও জোগানের পারস্পরিক প্রভাবেই দ্রব্যের দাম নির্ধারিত হয় এবং এ দামেই দ্রব্যটির ক্রয় বিক্রয় হয়। সুতরাং যে নির্দিষ্ট দামে চাহিদা ও জোগান সমান হয় তাকে ভারসাম্য দাম বলে। দামের ওপর দ্রব্যের পরিমাণের নির্ভরশীলতা প্রকাশ পায় চাহিদা ও জোগান অপেক্ষকে।
চাহিদা অপেক্ষক: Qd = f (p)
জোগান অপেক্ষক: Qs = f (p)
ভারসাম্য: Qd = Qs
এখানে, Qd = চাহিদার পরিমাণ
Qs = জোগানের পরিমাণ
P = দাম, f = অপেক্ষক।
এভাবে চাহিদা ও জোগানের সমতা (Qd = Qs) দ্বারা ভারসাম্য দাম ও ভারসাম্য দ্রব্যের পরিমাণ নির্ধারিত হয়ে থাকে।
প্রশ্ন: উৎপাদন কাকে বলে?
উত্তর: সাধারণ অর্থে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে উৎপাদন কথাটি বিশেষ অর্থে ব্যবহূত হয়। অর্থনীতির পরিভাষায় মানুষ কোনো কিছু সৃষ্টি অথবা ধ্বংস করতে পারে না। মানুষ কেবল প্রকৃতি প্রদত্ত বস্তুর আকৃতি বা রূপ পরিবর্তন করে, বস্তুর স্থানান্তর করে এবং দ্রব্যকে বিশেষ সময়ের জন্য ধরে রেখে তার অতিরিক্ত উপযোগ সৃষ্টি করতে পারে বা দ্রব্যকে অধিকতর উপযোগী করে তুলতে পারে। তাই অর্থনীতিতে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি বা উপযোগ বৃদ্ধি করাকেই বোঝায়। উদাহরণস্বরূপ গাছ হতে কাঠ এবং সে কাঠ হতে চেয়ার তৈরি করে প্রকৃতি প্রদত্ত বস্তুকে মানুষ অধিকতর ব্যবহারোপযোগী করে তুলতে পারে। সুতরাং উপযোগ সৃষ্টিকেই অর্থনীতিতে উৎপাদন বলা হয়। অধ্যাপক মার্শালের মতে, ‘বস্তু জগতে মানুষ কেবল বস্তুকে পুনর্বিন্যাস করে অধিকতর ব্যবহারের উপযোগী করে তুলতে পারে।’ অধ্যাপক ওরলি এম. অ্যামোস, জুনিয়রের মতে, ‘আকার, স্থান অথবা সময়ের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে মানুষের প্রয়োজন মেটাতে প্রকৃতি প্রদত্ত বস্তুকে দ্রব্য এবং সেবায় রূপান্তর করার প্রক্রিয়াকে উৎপাদন বলা হয়।’
উপযোগ সৃষ্টির সঙ্গে এর বিনিময়মূল্যেও সম্পর্ক আবশ্যক। অতএব আধুনিক অর্থনীতিতে উৎপাদন বলতে উপযোগ বা কাম্যতা সৃষ্টির সঙ্গে সৃষ্ট উপযোগ বা কাম্যতার বিনিময়মূল্যকেও বোঝায়।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল