অ র্থ নী তি ২ য় প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্ন 
প্রিয় পরীক্ষার্থীরা, আজ অর্থনীতি ২য় পত্র থেকে সংক্ষিপ্ত প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে।

প্রশ্ন: জাতীয় আয় পরিমাপের পদ্ধতিগুলো কী কী?
উত্তর: যে প্রক্রিয়ায় জাতীয় আয়ের হিসাব নিরূপণ করা হয়, তাকে জাতীয় আয়ের পরিমাপ-পদ্ধতি বলা যায়। সাধারণত তিনটি পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করা হয়। যেমন:
১. উৎপাদন-পদ্ধতি: এ পদ্ধতি অনুযায়ী জাতীয় আয় পরিমাপে কোনো নির্দিষ্ট সময়ে একটি দেশে উৎপাদিত সব বস্তুগত ও অবস্তুগত দ্রব্যসামগ্রী এবং সেবাকর্মের আর্থিক মূল্যকে ধরা হয়।
২. আয়পদ্ধতি: এ পদ্ধতিতে উৎপাদনকাজে নিযুক্ত বিভিন্ন উৎপাদনের উপাদানগুলো এক বছরে যে অর্থ উপার্জন করে, তার সামষ্টিক পরিমাপ থেকে জাতীয় আয় পাওয়া যায়।
৩. ব্যয়পদ্ধতি: ব্যয়পদ্ধতি অনুযায়ী কোনো নির্দিষ্ট সময়ে সমাজের সব ব্যয়ের যোগফল থেকে জাতীয় আয় পাওয়া যায়।

প্রশ্ন: অর্থের কার্যাবলি উল্লেখ করো।
উত্তর: বর্তমান বাস্তবতায় বিশ্বব্যাপী অর্থ একটি অপরিহার্য উপাদান। অর্থ মানুষের জীবনে সাধারণত তিন ধরনের কার্য সম্পাদন করে থাকে। যেমন:
ক. বাণিজ্যিক কার্যাবলি।
খ. সামাজিক কার্যাবলি এবং
গ. মনস্তাত্ত্বিক কার্যাবলি।

প্রশ্ন: অর্থের মূল্য বলতে কী বোঝায়?
উত্তর: অর্থের মূল্য বলতে অর্থের ক্রয়ক্ষমতাকে বোঝায়। অর্থের নিজস্ব কোনো মূল্য নেই। অর্থের মাধ্যমে বিভিন্ন দ্রব্য ও সেবার দাম প্রকাশ করা হয়। এ জন্য অর্থের মূল্য দ্রব্যসামগ্রীর মাধ্যমে প্রকাশ করা হয়। অতএব, বলা যায়, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য বা সেবাকর্ম ক্রয় করা যায়, তাকে অর্থের মূল্য বলা হয়। ডি এইচ রবার্টসনের মতে, ‘এক একক অর্থের বিনিময়ে সাধারণভাবে যে পরিমাণ দ্রব্য ও সেবাকর্ম ক্রয় করা যায়, তাকে সেই অর্থের মূল্য বলা হয়।’ অধ্যাপক হ্যানসেন বলেন, ‘অর্থ যা ক্রয় করে তাই অর্থের মূল্য।’
সুতরাং, অর্থের মূল্য বলতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্য ও সেবাসামগ্রী ক্রয় করা যায়, তাকেই বোঝায়।

প্রশ্ন: সূচকসংখ্যা কাকে বলে?
উত্তর: ‘অর্থের মূল্য পরিবর্তন’ পরিমাপ করার জন্য যে বিশেষ সংখ্যাবাচক পদ্ধতি অবলম্বন করা হয়, তাকে সূচকসংখ্যা বলে।
অন্য কথায়, সূচকসংখ্যা হলো একটি সংখ্যাবাচক গড় পদ্ধতি, যা অর্থের মূল্য পরিবর্তন পরিমাপ করার ক্ষেত্রে ব্যবহূত হয়।
কোনো নির্দিষ্ট বছরের গড়পড়তা মূল্যকে অন্য কোনো ভিত্তি বছরের গড়পড়তা মূল্যের তুলনায় শতাংশ রূপে প্রকাশ করার জন্য যে সংখ্যাবাচক পদ্ধতি ব্যবহার করা হয়, তাকে সূচকসংখ্যা বলে। এটি অর্থের মূল্য পরিবর্তন পরিমাপ করার একটি সংখ্যাবাচক পদ্ধতি।

প্রশ্ন: বাংলাদেশের জাতীয় আয়ের খাতগুলো কী কী?
উত্তর: দেশের যেসব উৎপাদন ক্ষেত্রে উৎপাদন ও আয় সৃষ্টি হয়, সেগুলোকে শ্রেণীবিন্যাস করে উপস্থাপন করা হলে তাকে জাতীয় আয়ের খাত বলা হয়।
বাংলাদেশে পুরোনো পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের খাত ছিল ১১টি। নতুন পদ্ধতিতে তা দাঁড়ায় ১৫টি। বাংলাদেশে জাতীয় আয়ের খাতগুলো হলো:
১. কৃষি ও বনজ।
২. মৎস্য সম্পদ।
৩. খনিজ ও খনন।
৪. শিল্প।
৫. বিদ্যুৎ, গ্যাস ও পানিসম্পদ।
৬. নির্মাণ।
৭. পাইকারি ও খুচরা বাণিজ্য।
৮. হোটেল ও রেস্তোরাঁ।
৯. পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ।
১০. আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা।
১১. রিয়েল এস্টেট, ভাড়া ও অন্যান্য সেবা।
১২. লোকপ্রশাসন ও প্রতিরক্ষা।
১৩. শিক্ষা।
১৪. স্বাস্থ্য ও সামাজিক সেবা। এবং
১৫. কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা।

প্রশ্ন: অর্থের মূল্য পরিবর্তন কাকে বলে?
উত্তর: অর্থের মূল্য বা অর্থের ক্রয়ক্ষমতা দামস্তরের ওপর নির্ভরশীল। সুতরাং অর্থের মূল্য পরিবর্তন বলতে অর্থের ক্রয়ক্ষমতার পরিবর্তনকে বোঝানো হয়।
অর্থের নিজস্ব কোনো মূল্য নেই। অর্থ দ্বারা বিভিন্ন দ্রব্যসামগ্রী ক্রয় করা হয়। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যদি আগের তুলনায় বেশি দ্রব্য ও সেবা ক্রয় করা যায়, তাহলে অর্থের মূল্য বৃদ্ধি পায়।
বিপরীত অবস্থায় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যদি আগের তুলনায় কম পরিমাণ দ্রব্য ও সেবা ক্রয় করা যায়, সে ক্ষেত্রে অর্থের মূল্য হ্রাস পায়।
সুতরাং পণ্যদ্রব্যের দামস্তর পরিবর্তনের সঙ্গে অর্থের ক্রয়ক্ষতার যে পরিবর্তন হয়, তাকেই অর্থের মূল্য পরিবর্তন বলা হয়।

প্রশ্ন: মুদ্রাস্ফীতি কাকে বলে?
উত্তর: সাধারণত মুদ্রাস্ফীতি বলতে দ্রব্যমূল্যের দীর্ঘকালীন ঊর্ধ্বগতিকে বোঝায়। উৎপাদন বৃদ্ধি না পেয়ে অর্থের জোগান বৃদ্ধি পেলে এরূপ হয়।
যদি দ্রব্যসামগ্রীর জোগান বৃদ্ধি না পেয়ে অর্থের জোগান বৃদ্ধি পায়, তবে মুদ্রার অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পায়, দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়ার এরূপ প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলা হয়।
অধ্যাপক গ্রেগরি বলেন, ‘ক্রয়ক্ষমতার অস্বাভাবিক পরিমাণ বৃদ্ধিকেই মুদ্রাস্ফীতি বলা যায়।’
অধ্যাপক পিগুর মতে, ‘যখন আয়-উৎপাদনশীল কার্য অপেক্ষা আর্থিক আয় অধিক হারে বৃদ্ধি পায়, তখনই মুদ্রাস্ফীতি দেখা দেয়।’
সুতরাং বলা যায়, দ্রব্যসামগ্রীর জোগানের তুলনায় অর্থের প্রচলন বৃদ্ধি পাওয়ার ফলে দামস্তর ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। একেই অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বলে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

 প্রভাষক, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, ফেনী