অ র্থ নী তি ২ য় প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্ন 
প্রিয় পরীক্ষার্থীরা, আজ অর্থনীতি ২য় পত্র থেকে সংক্ষিপ্ত প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে।

প্রশ্ন: খাজনা ও দামের মধ্যে পার্থক্য আলোচনা করো।
উত্তর: খাজনা ও দামের মধ্যে পার্থক্য নিচে আলোচনা করা হলো।
১. কোনো উৎপাদনকে যে ন্যূনতম দামে কাজে নিযুক্ত করানো যায়, তা অপেক্ষা যে উদ্বৃত্ত পারিশ্রমিক পায়, তাকেই খাজনা বলে। অন্যপক্ষে অর্থের দ্বারা কোনো দ্রব্যের মূল্য প্রকাশ করা হলে তাকে দাম বলে।
২. খাজনা নির্ধারিত হয় খরচের উদ্বৃত্ত দ্বারা। একে উদ্বৃত্ত আয়ও বলা যায়। দাম নির্ধারিত হয় দ্রব্যের চাহিদা ও জোগানের ক্রিয়া-প্রতিক্রিয়া দ্বারা।
৩. মোট খাজনা ও নিট খাজনা দুই প্রকার খাজনা রয়েছে। অপরপক্ষে চাহিদা দাম ও জোগান দাম দুই প্রকার দাম রয়েছে।
৪. রিকার্ডোর মতে, খাজনা দামের মধ্যে অন্তর্ভুক্ত নয়। আধুনিক অর্থনীতিবিদেরা মনে করেন, খাজনা দামের মধ্যে অন্তর্ভুক্ত থাকে।
৫. খাজনা ধারণাটি দাম অপেক্ষা সংকীর্ণ। অন্যপক্ষে দাম ধারণাটি খাজনা অপেক্ষা প্রসারিত।
প্রশ্ন: অনুপার্জিত আয় কাকে বলে?
উত্তর: অর্থনৈতিক উন্নতি, ব্যবসা-বাণিজ্যের প্রসার, লোকসংখ্যা বৃদ্ধি প্রভৃতি কারণে একটি দেশের বা একটি এলাকার জমির দাম অত্যধিক বৃদ্ধি পেতে পারে। এ ক্ষেত্রে জমির মালিক কোনো বাড়তি পরিশ্রম বা বিনিয়োগ না করে যে অতিরিক্ত আয় করেন, তাকে অনুপার্জিত আয় বলে। চ্যাপম্যানের ভাষায়, ‘সামাজিক অগ্রগতির বিশেষ বৃদ্ধির ফলে দ্রব্যসামগ্রীর যে মূল্য বৃদ্ধি পায়, তাকে অনুপার্জিত আয় বলে।’
অতএব বলতে পারি, নিজস্ব প্রচেষ্টা ও বিনিয়োগভিন্ন অন্য কোনো কারণে জমির দাম বাড়লে মালিকের যে অতিরিক্ত আয় হয়, তাকে অনুপার্জিত আয় বলে।
প্রশ্ন: বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণ কী কী?
উত্তর: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এ দেশের বিভিন্ন ধরনের অর্থনৈতিক সমস্যা বিরাজমান। এদের মধ্যে অন্যতম প্রধান সমস্যা হলো মুদ্রাস্ফীতি। বাংলাদেশে মুদ্রাস্ফীতি তথা দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধির প্রধান কারণগুলো হলো অর্থের জোগান বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি, উৎপাদন ব্যয় বৃদ্ধি, খাদ্যসমস্যা, আমদানিজাত দ্রব্যের মূল্য বৃদ্ধি, উদার ঋণনীতি, আমদানি নিয়ন্ত্রণ, মজুত ও চোরাকারবার, অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি, অতিরিক্ত পরোক্ষ কর, পরিবহন ও যাতায়াতব্যবস্থা, বেতন বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ, দেশীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি, অপর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ, অস্থিতিশীল রাজনীতি ইত্যাদি।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

 প্রভাষক, সিলেট ক্যাডেট কলেজ, ফেনী