জাতীয় কলেজিয়েট সফটওয়্যার প্রতিযোগিতার (এনসিএসসি) নিবন্ধন শুরু হয়েছে গতকালবৃহস্পতিবার থেকে। এই নিবন্ধন চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশের যেকোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় দলগতভাবে অংশগ্রহণ করতে পারবেন। একটি দলে কোচসহ পাঁচজন সদস্য নিবন্ধন করতে পারবেন। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিএসই কার্নিভালের অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশ নিতে কার্নিভালের ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। একটি দল শুধু একটি প্রকল্পের জন্য নিবন্ধন করতে পারবে। নিবন্ধন ফি এক হাজার ৫০০ টাকা। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই কার্নিভাল উপলক্ষে এনসিএসসি আয়োজন করা হচ্ছে। এই প্রতিযোগিতার পাশাপাশি এ আয়োজনে আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা, তথ্যপ্রযুক্তি মেলা, চাকরির মেলা ও ল্যাপটপ মেলাও থাকছে। সিএসই কার্নিভাল ২২ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত শাবিপ্রবি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) সোসাইটির যুগ্ম আহ্বায়ক সায়মা সুলতানা চৌধুরী প্রথম আলোকে বলেন, এনসিএসসি বাংলাদেশে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। তাই সব বিশ্ববিদ্যালয়কে বিশেষভাবে এই ইভেন্টে এবং সামগ্রিকভাবে সিএসই কার্নিভালে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। বিস্তারিত জানা যাবে www.sust.edu/csecarnival ঠিকানার ওয়েবসাইটে। —মুন্সী মো. মিছবাহ্ উদ্দিন, শাবিপ্রবি প্রতিনিধি