অংশীদারদের নিয়ে ই-কুরিয়ারের সমাবেশ
২৮ মে রাজধানীর একটি হোটেলে অনলাইনভিত্তিক কুরিয়ার প্রতিষ্ঠান ই-কুরিয়ারের (www.ecourier.com.bd) সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে ‘ই-কুরিয়ার সামার মার্চেন্ট মিটআপ’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি শামীম আহসান, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতি রাজীব আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
শামীম আহসান বলেন, দেশের ই-কমার্স শিল্প বেশ ভালোভাবেই এগিয়ে চলেছে। এ ক্ষেত্রে যে সেবাটি সাধারণত বেশি নির্ভরযোগ্যভাবে প্রয়োজন হয় সেটি হচ্ছে কুরিয়ার সেবা। আর অনলাইনভিত্তিক কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান ই-কুরিয়ার এ ক্ষেত্রে দারুণ কাজ করছে।
অনুষ্ঠানের শুরুতেই ই-কুরিয়ারের মার্চেন্টদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি সম্পর্কে মার্চেন্টদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ই-কুরিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব ঘোষ। তিনি বলেন, ‘সাধারণ কুরিয়ার সেবার বাইরে অনলাইনভিত্তিক উন্নত কুরিয়ার সেবা দিতে ই-কুরিয়ার বদ্ধপরিকর। আমরা আমাদের মার্চেন্টদের সর্বোচ্চ সেবা দিতে চাই এবং তথ্যপ্রযুক্তি সুবিধার সঙ্গে পরিচিত করেও তুলতে চাই।’
বিজ্ঞপ্তি