অক্টোবরে আসছে মিনি আইপ্যাড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের অক্টোবরে অ্যাপল সাত ইঞ্চির আইপ্যাড আনছে বলে গুজব উঠেছে। প্রযুক্তিবিষয়ক ব্লগ আইমোর সূত্রে এ তথ্য জানা গেছে। অ্যাপলের বিভিন্ন পণ্যের বেশির ভাগ খবর আগে প্রকাশ করা এবং পরবর্তী সময়ে মিল থাকায় এবারও এ গুজবকে অনেকে সত্য বলেই ধরে নিচ্ছেন। নতুন এ আইপ্যাডটি বর্তমানের ৯.৭ ইঞ্চি আইপ্যাডের রেজল্যুশন যুক্ত হলেও এর দাম হবে মাত্র ২০০ থেকে ২৫০ ডলার! আইমোর ব্লগের প্রধান নির্বাহী রেনি রিচি বলেন, ‘আমাদের সূত্রমতে, বর্তমান সময়ের আইপ্যাডের প্রায় সব সুবিধাই থাকবে নতুন আইপ্যাড মিনিতে। এর আগে অ্যাপলের ব্লগার জন গ্রুবার জানিয়েছিলেন, অ্যাপল ৭.৮৫ ইঞ্চি পর্দার আইপ্যাড নিয়ে কাজ করছে। এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারিতে তৃতীয় প্রজন্মের আইপ্যাড বাজারে আসার আগে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, অ্যাপল মূলত আট ইঞ্চি পর্দার আইপ্যাড নিয়ে কাজ করছে।তবে এসব গুজব শেষে বাজারে এসেছিল ৯.৭ ইঞ্চির আইপ্যাড। আইপ্যাড মিনির ক্ষেত্রে নানা ধরনের গুজব হলেও সাত ইঞ্চি পর্দার আইপ্যাড আসছে এমন আলোচনায় অনেকেই সমর্থন জানিয়েছেন। বাজারের আমাজন কিন্ডল ফায়ার, উইন্ডোজ ৮ ট্যাবলেটের সঙ্গে নতুনভাবে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে অ্যাপলের এ নতুন মিনি আইপ্যাডের উদ্যোগ বলেও মনে করছেন অনেকেই। তবে এ বিষয়ে বরাবরের মতোই মুখ খোলেনি অ্যাপল। এখন আইপ্যাডপ্রেমীদের অপেক্ষা করতে হবে অক্টোবর পর্যন্ত, যখন জানা যাবে আসলেই বাজারে আসছে কি না আইপ্যাড মিনি। —দি টেলিগ্রাফ অবলম্বনে কাজী আশফাক আলম