অক্টোবরে মাইক্রোসফটের দুই লুমিয়া

চলতি বছরের অক্টোবর মাসে লুমিয়া ৯৫০ ও ৯৫০ এক্সএল নামের নতুন দুটি স্মার্টফোন উন্মুক্ত করতে পারে মাইক্রোসফট। সে সময় বড় অনুষ্ঠানের আয়োজন করেই এই নতুন লুমিয়া ফোনসহ অন্যান্য পণ্যের ঘোষণা দেবে প্রতিষ্ঠানটি। চীনভিত্তিক ওয়েবসাইট ডব্লিউপি ড্যাং এক প্রতিবেদনে জানিয়েছে, অক্টোবর মাসে এক জোড়া লুমিয়া ফোন ছাড়াও সারফেস প্রো ৪ ট্যাব ও মাইক্রোসফট ব্যান্ড টুর ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি।
এদিকে, প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকরাডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর মাসে মাইক্রোসফটের অনুষ্ঠানের মূল আকর্ষণ হবে নতুন সারফেস ট্যাব। সারফেস প্রো ৪ নামের এই ট্যাব ল্যাপটপের বিকল্প হিসেবেও ব্যবহার করা যাবে। এই ট্যাবে ইনটেলের তৈরি কোর ‘এম’ চিপ ব্যবহার করা হতে পারে। এর ফলে অ্যাপলের ম্যাকবুক এয়ারের মতোই হবে এই ট্যাবের পারফরম্যান্স।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকরাডার জানিয়েছে, বর্তমানে প্রযুক্তিবিশ্বে নতুন লুমিয়া ফোন নিয়ে অনেক গুজবই রয়েছে। অক্টোবর মাসে উইন্ডোজ ১০ মোবাইল অপারেটিং সিস্টেমনির্ভর এক জোড়া লুমিয়া এনে সে গুজবের অবসান ঘটাতে চাইছে মাইক্রোসফট। শুধু ফোন আর ট্যাবই নয়, অনুষ্ঠানে এক্সবক্স ওয়ানের একটি হালকা-পাতলা সংস্করণ এবং সারফেসের ট্যাবের একটি মিনি সংস্করণও দেখা যেতে পারে।