অক্টোবরেই আসছে আইপ্যাড মিনি
নানা গুজব আর আলোচনা শেষে অবশেষে অক্টোবরেই আসছে অ্যাপলের বহুল আলোচিত নতুন আইপ্যাড মিনি। আইপ্যাডের ছোট এ সংস্করণ নিয়ে ইতিমধ্যে প্রযুক্তিবিশ্বে চলছে নানা গুঞ্জন। এর আগে প্রযুক্তিবিষয়ক ব্লগ আইমোরের সূত্র ধরে অক্টোবরে আইপ্যাড মিনি বাজারে আসার খবর পাওয়া গিয়েছিল। এবার অল থিঙ্কস ডিজিটাল নামের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। আগামী মাসের ১২ তারিখে আইফোনের সর্বশেষ সংস্করণও বাজারে আসবে বলে জানা গেছে। এর পরেই আসবে আইপ্যাড মিনি। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে বরাবরের মতো কিছুই জানায়নি অ্যাপল কর্তৃপক্ষ। মাত্র আট ইঞ্চি পর্দার আইপ্যাড বাজারে আসার আগেই বেশ আলোচনার সৃষ্টি করেছে। তবে সাইজ কি সাত ইঞ্চি হচ্ছে, না আট ইঞ্চি হচ্ছে তা নিয়েও রয়েছে নানা মত।জানা গেছে, বর্তমান সময়ের আইপ্যাডের প্রায় সব সুবিধাই থাকবে নতুন আইপ্যাড মিনিতে। বাজারের আমাজন কিন্ডল ফায়ার, উইন্ডোজ ৮ ট্যাবলেটের সঙ্গে নতুনভাবে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে অ্যাপলের এ নতুন মিনি আইপ্যাডের উদ্যোগ বলেও মনে করছেন অনেকেই। আইপ্যাডপ্রেমীদের অপেক্ষা করতে হবে অক্টোবর পর্যন্ত, তখনই জানা যাবে আইপ্যাড মিনির বিস্তারিত। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আশফাক আলম