অক্টোবরেই আসছে উইন্ডোজ-৮
বিশ্বসেরা সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশন আগামী অক্টোবর থেকে উইন্ডোজের নতুন সংস্করণ উইন্ডোজ-৮ বাজারে ছাড়ছে। সম্প্রতি টরন্টোতে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে মাইক্রোসফট। তবে নির্দিষ্ট তারিখ জানায়নি প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে নতুন এ সংস্করণ তৈরির কাজ শেষ হয়েছে। এর আগে মাইক্রোসফট জানিয়েছিল অক্টোবরে বাজারে ছাড়া হবে নতুন এ সংস্করণটি। কম্পিউটার ও ট্যাবলেটের জন্য বিশেষভাবে তৈরি উইন্ডোজ-৮-এ এআরএম প্রসেসরকে সমর্থন করে—এমন সব ডিভাইস সংযোজন করা হয়েছে। ইনটেল ও এএমডির এক্স৮৬ মাইক্রোপ্রসেসরে চলে এমনটি কম্পিউটারে চলবে উইন্ডোজ-৮। উইন্ডোজ-৮ চালিত ট্যাবলেট বাজারে থাকা অ্যাপলের আইপ্যাডসহ অন্যান্য প্রতিষ্ঠানের ট্যাবলেটগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বলে আশাবাদী মাইক্রোসফট। এ ছাড়া হিউল্যাট প্যাকার্ড (এইচপি) ও ডেল উইন্ডোজের নতুন এ সংস্করণ দিয়ে ট্যাবলেট তৈরি করবে বলেও জানা গেছে। গত বছরের জানুয়ারি মাসে কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে প্রথম উইন্ডোজ-৮ তৈরির খবর জানায় মাইক্রোসফট করপোরেশন। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আশফাক আলম