অগ্রগামী এনায়েত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনায়েত হাসান,  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
এনায়েত হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

সকালের আলো তখনো ফোটেনি। ছাত্রাবাস ঘিরে গড়ে ওঠা চট্টগ্রামের জোবরা গ্রামের নির্জনতা ভেদ করে গবেষণায় ব্যস্ত একজন ছেলে। কম্পিউটারে বসে বংশগত রোগের কারণ নির্ণয়, শরীরের টিকা ও বিভিন্ন অণুজীবের কার্যকারিতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। এর মধ্য থেকে ছাত্রাবাসের বিদ্যুৎ চলে যাওয়া, টাকার অভাবে অনেক মূল্যবান সফটওয়্যার কিনতে না পারার মতো কষ্টগুলোও বুকে বেজেছে। তবুও থেমে থাকেননি। সব সীমাবদ্ধতাকে ছাড়িয়ে এগিয়ে গেছেন সামনের দিকে। পেরেছেন সফলতা ছুঁতে।
নিউজিল্যান্ড, কোরিয়া, ভারত ও চীনের আন্তর্জাতিক গবেষণাপত্রে ছাপা হয়েছে তাঁর লেখা। এসব অর্জনের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এনায়েত হাসান পেলেন নোবেল বিজয়ীদের সঙ্গে দেখা হওয়ার, কথা বলার দুর্লভ সুযোগ।
প্রতি বছর প্রায় অর্ধশতাধিক নোবেল বিজয়ীর সঙ্গে জার্মানির লিন্ডাও শহরে সাক্ষাতের সুযোগ দেওয়া হয় পৃথিবীর সেরা ৫০০ শিক্ষার্থীর। যাঁরা স্নাতক পর্যায়ের ফলাফলে এগিয়ে থাকেন এবং গবেষণায় মেধার স্বাক্ষর রাখেন, তাঁদের মধ্যে থেকে নির্বাচিতরা সুযোগ পান সেখানে। এই তালিকায় এবার স্থান করে নিয়েছেন বাংলাদেশের এনায়েত হাসান। চলতি বছরের জুনের শেষ সপ্তাহে এ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে।
এনায়েত ছোটবেলা থেকেই ছিলেন ভিন্ন প্রকৃতির। অন্য সবাই যখন চিকিৎসক, প্রকৌশলী কিংবা ব্যাংকার হওয়ার স্বপ্ন দেখতেন, তখন একজন ছেলে একেবারেই ভিন্ন ধারার স্বপ্ন দেখতেন। তার মাথায় ঘুরত, কেন ক্যানসার হয়? ডায়াবেটিসের বিরুদ্ধে কোন ওষুধ কাজ করে? টিকা কীভাবে বানায় ইত্যাদি।
অন্যদের খেলতে দেখলেই একসময় যাঁর মাঠে যাওয়া চাই-ই চাই, এখন তাঁর গবেষণা ছাড়া আর কিছুতে মন নেই। এনায়েতের ভাষায়, ‘আমি তৃতীয় বর্ষ পর্যন্ত ক্রিকেট খেলেছি। এখন নিজেকে গুটিয়ে নিয়েছি। এখন এতে আর খারাপ লাগে না।’
ক্লাসের পরীক্ষায় বরাবরই সামনের দিকে অবস্থান করা এনায়েতের সিজিপিএ ৩ দশমিক ৮৪। পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়েছেন। মানিকগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকার সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি পাস করেন।
দেশের বাইরে গিয়ে মেডিকেল বায়োটেকনোলজি অথবা ফার্মাসিউটিক্যাল বায়োটেকনোলজি নিয়ে পিএইচডি করার ইচ্ছে রয়েছে। স্বপ্ন দেখেন দেশে ফিরে গবেষণাকাজে আত্মনিয়োগ করার। স্বপ্নের পরিধি একটু বাড়িয়ে নিজেই বায়োটেকনোলজিভিত্তিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি গড়ার কথাও ভাবেন। যেখানে দেশের সব বায়োটেকনোলজিস্টরা চাকরি করবেন। কেউ আর চাকরি নেই বলে আহাজারি করবেন না।