অঙ্গভঙ্গিতেই গাড়ির নিয়ন্ত্রণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়িতে ‘জেশ্চার’ প্রযুক্তি বা মুখভঙ্গির মাধ্যমে গাড়ির বিভিন্ন কাজ চালানোর বিষয়টি নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান হারমান। হারমানের প্রকৌশলীরা এমন একটি প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছেন, যার মাধ্যমে মাথা নাড়িয়ে বা স্রেফ হাতের ইশারা করেই মুঠোফোন ব্যবহার, রেডিও চালু করা, দিকনির্ণয় এমনকি গাড়ি নিয়ন্ত্রণের কাজও করা যাবে। এক খবরে এ তথ্য জানিয়েছে এমএসএন নিউজ।গাড়ির ড্যাশ বোর্ডে বসানো থাকবে ইনফ্রা-রেড সেন্সর, যা চালকের মুখের নড়াচড়া শনাক্ত করতে সক্ষম হবে। মুখের পেশি নাড়ানোর মাধ্যমে চালক যা নির্দেশ করবেন, ড্যাশ বোর্ডের সঙ্গে যুক্ত কম্পিউটার তা বুঝে সে অনুসারে কাজ করবে। ফোর্ড কেএ মডেলের গাড়িতে এ প্রযুক্তিটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এ প্রযুক্তি ব্যবহারে মাথা ঘুরিয়ে রেডিওর শব্দ কম-বেশি করা যায়। গিয়ার স্টিকের সঙ্গে বসানো সেন্সর হাতের ইশারায় গাড়ির তাপমাত্রা কম-বেশি করতে পারে। এ ছাড়াও ড্যাশ বোর্ডের সঙ্গে থাকা সিডি প্লেয়ারটিকেও হাতের তালুর সংকেত দেখিয়ে চালু বা বন্ধ করা যায়। এমনকি মুঠোফোনে কল করার মতো হাতের ইশারা করলে গাড়িতে থাকা প্রযুক্তির কল্যাণে নির্দিষ্ট কাউকে কলও করা যায়।হারমানের পরিচালক হ্যানস রুথ জানিয়েছেন, চালক যাতে গাড়ি চালানোর সময় রাস্তা থেকে নজর না সরিয়ে কাজ করতে পারেন, এ লক্ষ্যেই ‘জেশ্চার’ প্রযুক্তি নিয়ে কাজ চলছে। বছর তিনেকের ভেতরেই গাড়িতে ‘জেশ্চার’ প্রযুক্তি চালুর বিষয়ে আশাবাদী তিনি।প্রসঙ্গত, এ বছরের জানুয়ারি মাসে লাস ভেগাসে অনুষ্ঠিত সিইএস মেলায় (কনজুমার ইলেকট্রনিক শো) গাড়িতে জেশ্চার প্রযুক্তি দেখিয়েছিল জার্মানির গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান অওডি।