অটিস্টিক শিশুর যোগাযোগের জন্য সফটওয়্যার
অটিজমে আক্রান্ত শিশুদের জন্য আশার আলো নিয়ে এসেছে একটি সফটওয়্যার। যেসব অটিস্টিক শিশু কথা বলতে পারে না, তারা সফটওয়্যার ব্যবহার করে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। স্পিকস ফর মি (Speaks4Me) নামের এই সফটওয়্যার তৈরি করেছেন অটিজমে আক্রান্ত এক শিশুর বাবা স্টিফেন লজ। ব্রিটিশ নাগরিক স্টিফেন লজ তাঁর ১১ বছর বয়সী ছেলে যাতে অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারে সে জন্য এই সফটওয়্যার তৈরি করেছেন। তিনি জানান, বেশ কয়েক বছর আগে তাঁর মাথায় এ ধরনের সফটওয়্যার তৈরির ভাবনা আসে। কিন্তু এর বাস্তব রূপ দেওয়ার জন্য তিনি উপযুক্ত প্রযুক্তির অপেক্ষা করছিলেন। স্টিফেন এখন সফটওয়্যারটি ব্যবহার করছেন একটি বহনযোগ্য স্পর্শকাতর পর্দার (টাচস্ক্রিন) মিডিয়া প্লেয়ারে। সম্প্রতি যুক্তরাজ্যের বার্মিংহামে এক প্রযুক্তি মেলায় এই যন্ত্র ব্যবহার করে স্টিফেন লজের ছেলে কুলাম অন্যের সঙ্গে কথা বলেছে। উইন্ডোজ এক্সপি, ভিসতা ও উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম চলে এমন যেকোনো যন্ত্রে স্টিফেন লজের সফটওয়্যার কাজ করবে। এই যন্ত্রের মনিটরে থাকে অনেক ছবি। ব্যবহারকারী এই ছবি টেনে টেনে শব্দ ও বাক্য লেখে। এরপর একটি বোতাম (স্পিচ বাটন) টিপলে পুরো বাক্যটি শোনা যায়। এর মাধ্যমে অটিস্টিক শিশু কী চাইছে তা সহজেই বোঝা যায়। স্টিফেনের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, মোবাইল ফোন ও গেম খেলার যন্ত্রের এ সফটওয়্যার চালু করা। সফটওয়্যারসহ হাতে বহনযোগ্য এই যন্ত্রটির দাম তিন হাজার ডলার। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান