এই দেশে প্রতিভার ছড়াছড়ি। অভাব কেবল প্রকাশ-মাধ্যমের। তাই অনেক কবিই সিএনজিচালিত অটোরিকশার বডিকেই বেছে নেন মনের ভাব প্রকাশের উপযুক্ত স্থান হিসেবে। এর প্রমাণ আপনি পাবেন অটোরিকশাগুলোর দিকে কিঞ্চিৎ খেয়াল করলেই। তেমনই কিছু অটোরিকশা-কাব্য চট্টগ্রাম থেকে সংগ্রহ করেছেন বাবর আলী

ফুল ফোটে বাগানে
প্রেম হয় গোপনে,
প্রথম প্রেম হারায় গেলে
সুখ আসে না জীবনে!
পাখিরা উড়ে যায়
পাখিদের বাসায়,
মেয়েরা দাঁড়ায় থাকে
সিএনজির আশায়!
পাখিরা বাঁধে বাসা
মানুষ বাঁধে ঘর,
আমি যাকে আপন ভাবি
সে-ই ভাবে পর!
একটি গাছে দুটি ফুল
ছিঁড়ে নিয়ো না,
মনের মতো মানুষ পেলে
ভুলে যেয়ো না!
আম ফুল, জাম ফুল
গোলাপ ফুলের কলি,
সিএনজির ড্রাইভার বলে
যেয়ো না ভুলি।
ধনীর ঘরে জন্ম তোমার
দেখতে তুমি ভালো,
গরিবের ঘরে জন্ম আমার
রংটি আমার কালো!
মাছ খাই না, মাংস খাই না
খাই শুধু ডিম,
আমার সাথে রাগ করি
থাকবা কত দিন?
জগতে এখন আছে
সর্বনাশা বিষ
এখন মোবাইল হলো
এমন এক জিনিস,
কানে না দিলে
মনে লাগে বিষ।
গাড়ি চলে গ্যাস দিয়ে
জল দিয়ে নয়,
ভালোবাসা বাড়িতে
গাড়িতে নয়!
ফুল ফোটে ঝরে যায়
রেখে যায় প্রীতি,
প্রেমিকা হারায় গেলে
রেখে যায় স্মৃতি।
পাখিরা বাঁধে বাসা
লতা-পাতা দিয়ে,
মানুষেরা বাঁধে বাসা
ভালোবাসা দিয়ে!
একটি গাছে দুটি ফুল
ছিঁড়ে নিয়ো না,
মনের মতো মানুষ পেলে
ভাড়া নিয়ো না।
জাল যখন ফেলেছি
মাছ আমি ধরবই,
প্রেম যখন করেছি
বিয়ে আমি করবই।
কিসের শরম
কিসের লাজ,
সিএনজি চালানোই
আসল কাজ।
পাখি উড়ে যায়
নিচে পড়ে ছায়া,
প্রেমিকা চলে গেলে
বেড়ে যায় মায়া।
ফুল ফোটে ঝরে যায়,
নতুন আসে কলি,
ফুলে ফুলে বাগান
আবার করবে ঝিলিমিলি।
আকাশে অনেক তারা
কিন্তু কেউ চাঁদের মতো নয়,
বাগানে অনেক ফুল
কিন্তু কেউ তোমার মতো নয়!