অটোমেশনের প্রভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী, কানাডা
জাস্টিন ট্রুডো প্রধানমন্ত্রী, কানাডা

প্রশ্নোত্তরভিত্তিক ওয়েবসাইট কোরায় গতকাল মঙ্গলবার ব্যবহারকারীদের নানা প্রশ্নের উত্তর দেন কানাডার ২৩তম প্রধানমন্ত্রী। সেখানে একটি প্রশ্ন ছিল, প্রযুক্তির উন্নয়নে মানুষের কাজে স্বয়ংক্রিয়তা (অটোমেশন) আসছে, এই পরিবর্তন মোকাবিলায় সরকারের কী করা উচিত? উত্তরে জাস্টিন কানাডীয় সরকারের বেশ কিছু উদ্যোগের কথা উল্লেখ করেন। তাঁর এই উদ্যোগগুলো কানাডার প্রেক্ষাপটের জন্য হলেও ভবিষ্যতে সব দেশেই অটোমেশনের প্রভাবে এমন সংকট সৃষ্টি হতে পারে। জাস্টিন ট্রুডোর উদ্যোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—

* ২০১৭ সালের বাজেটে কানাডা সরকার ‘উদ্ভাবন ও দক্ষতা পরিকল্পনা’র উদ্যোগ নিয়েছে। এর কেন্দ্রে থাকবে মানুষ এবং লক্ষ্য থাকবে অর্থনীতির পরিবর্তিত ধরন নিয়ে কানাডীয়দের জন্য কাজ করা। এই পরিকল্পনায় কানাডাকে উদ্ভাবনে বিশ্বসেরা করে তুলবে যা নতুন কাজের সুযোগ সৃষ্টি করবে এবং মধ্যবিত্তদের উন্নয়নে সাহায্য করবে।
* আরও বেশিসংখ্যক বেকার নাগরিককে ভালো বেতনের কাজ পেতে সাহায্য করার জন্য সরকার কর্মসংস্থান বিমার ব্যবস্থা করবে।
* বেকার নাগরিকদের কর্মসংস্থান বিমার সুবিধা দিতে ২০১৭ সালের বাজেটে আগামী চার বছরের জন্য ১৩ কোটি ২৪ লাখ ডলার বরাদ্দ করা হবে।
* দক্ষতা বাড়াতে কেউ যদি নতুন করে শিক্ষাজীবন শুরু করতে চায়, তবে সরকার তাদের জন্য অনুদান কিংবা সুদ ছাড়া ঋণের ব্যবস্থা করবে।
* নির্ভরশীল সন্তান আছে এমন অভিভাবকদের জন্য উচ্চশিক্ষা আরও সাশ্রয়ী করতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে তাদের জন্য ‘কানাডা স্টুডেন্ট গ্র্যান্টস’ চালু করা হবে।
* শিক্ষা থেকে কর্মজীবনে সহজে প্রবেশের জন্য দেশজুড়ে ১৩ হাজার শিক্ষাকেন্দ্রে বিনিয়োগ করা হবে। সূত্র: কোরা