অতিবিশেষজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রচ্ছদ: জুনায়েদ আজীম চৌধুরী
প্রচ্ছদ: জুনায়েদ আজীম চৌধুরী

পুরোনো একটি কৌতুক দিয়ে শুরু করি। আমার দাদুর সময় গেছে হারাধন কবিরাজের কাছে। বাবার সময়ে এল এমবিবিএস চিকিৎসক, পা থেকে মাথা—সব রোগই দেখেন। একদিন পেটব্যথা নিয়ে বাবা গিয়ে জানলেন, তিনি এখন নাক-কান-গলা রোগবিশেষজ্ঞ; পেটের অসুখ দেখবেন না। কয়েক মাস পরে গলাব্যথা নিয়ে গিয়ে জানলেন, তিনি এখন শুধু কান নিয়েই আছেন; নাক-গলা দেখা বন্ধ। গত সপ্তাহে ডান কানে ব্যথা। সেই বিশেষজ্ঞের কাছে গিয়ে জানলেন, তিনি ইদানীং বাঁ কান নিয়েই আছেন! তাঁকে কী বলা যায়, অতিবিশেষজ্ঞ?
টিভিতে আগে একটা বিজ্ঞাপনের গানে শোনা যেত, ‘এক সাবানে কাপড় কাচা, সেই সাবানেই গোসল’। মনে পড়ল, কোনো একসময়ে দাদি-নানিরা মাটি, ছাই দিয়ে সাবানের কাজ চালিয়ে নিতেন। তারপর মীনা কার্টুনের দৈত্যের মতো দেশে কেউ নিয়ে এল সাবান। এটাকে ঘষলেই ফেনা বের হয় আর পরিষ্কার হয় মাথার চুল, মুখ, শরীর, কাঁথা, গামছা, লুঙ্গি ইত্যাদি। দিনে দিনে আমরা পেলাম কাপড় কাচার জন্য আলাদা সাবান আর জানলাম সব ‘পচা’ পচা নয়। এখন চুলের জন্য শ্যাম্পু, মুখের জন্য ফেসওয়াশ, হাতের জন্য হ্যান্ডওয়াশ! অতিবিশেষজ্ঞ বলে কথা!
বাবারা ধরে এনে বলবেন, ‘আজ তোমার বিয়ে, বলো কবুল’ সেই দিন আর নেই। এক সুচিত্রার সঙ্গে প্রেম করে উত্তমকুমাররা জীবন কাটিয়ে দেবেন, দুঃখজনকভাবে এটাও এখন কল্পনা। এখন বিয়ের আগে প্রেম করার জন্য কমপক্ষে তিনজন লাগে। প্রেমের ব্যাপারে এত অতিবিশেষজ্ঞ বন্ধ হওয়াই উচিত।
ব্যতিক্রম বোধ হয় ক্রিকেট। একটা সময় ছিল দলের প্রথম পাঁচজন ব্যাটসম্যান বোলিং কী জিনিস জানতেনই না। মোঙ্গিয়া টাইপের কিছু উইকেটকিপার না পারতেন ব্যাটিং, না পারতেন অন্য কিছু। আর ম্যাকগ্রা, ওয়ালশ টাইপের বোলারদের ক্যারিয়ারের রানসংখ্যা মোট ম্যাচের চেয়েও কম। আর এখন ভাই সাকিবের যুগ। উইকেটকিপাররাও পারলে এখন বল করেন। এক বিষয়ে বিশেষজ্ঞ দিয়ে অন্তত টি-টোয়েন্টি চলে না।
অতিবিশেষজ্ঞ ভালো না খারাপ, জানি না। তবে তামিল ছবির কল্যাণে ঢালিউডে যখন বিশেষজ্ঞের অভাব দেখি, দুঃখই লাগে। আলমগীরের মতো ‘মা, মা, আমি ফার্স্ট হয়েছি’, জসিমের মতো ‘চৌধুরী সাহেব, গরিবও মানুষ’, রোজিনার মতো ‘শয়তান, তুই আমার দেহ পাবি, মন পাবি না’, জাম্বুর মতো ‘সুন্দরী, আমার ওটাই চাই’, আনোয়ার হোসেনের মতো ‘ওকে আমি তোমার হাতে তুলে দি...দি...দি...লালালাম, ক্যোঁৎ’, দিলদারের মতো ‘ওই ছেরি, চোখ মারস ক্যান’-জাতীয় সংলাপ যখন এক নায়ককেই দিতে হয়, তখন মনে পড়ে সোনালি দিনগুলোর কথা। সবাই এখন অতিবিশেষভাবে অজ্ঞ!