অতিরিক্ত কফি পানে দৃষ্টিশক্তি কমে!
সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দাবি করেছেন, প্রতিদিন তিন কাপের বেশি কফি পান করলে দৃষ্টিশক্তির সমস্যা বেড়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের প্রাপ্তবয়স্কদের নিয়ে করা এক গবেষণায় তাঁরা দেখেছেন, যাঁরা দিনে তিন কাপের অতিরিক্ত কফি পান করেন, তাঁদের দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি বেশি। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘হাফিংটন পোস্ট’।‘ইনভেস্টিগেটিভ অফথালমোলজি অ্যান্ড ভিজ্যুয়াল সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্রে গবেষকেরা জানিয়েছেন, অতিরিক্ত ক্যাফেইনযুক্ত কফি পান করা হলে এক্সফোলিয়েশন গ্লুকোমা নামের একধরনের চোখের সমস্যা দেখা দেয়। এ সমস্যার কারণে ৫০ বছর বয়স পেরোনো ব্যক্তিদের ক্ষেত্রে ১০ শতাংশ দৃষ্টিহীনতার শিকার হওয়ার ঝুঁকি থাকে।গবেষকেরা জানিয়েছেন, যাঁরা কফি পান করেন না তাঁদের তুলনায় যাঁরা প্রতিদিন তিন কাপ কফি পান করেন, তাঁদের ক্ষেত্রে ৩৪ শতাংশের এক্সফোলিয়েশন গ্লুকোমায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। নারীর ক্ষেত্রে এ ঝুঁকি ৬৬ শতাংশ। তাঁরা আরও জানিয়েছেন, ১৯৮০ সালের পর থেকে ২০০৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে কফি ছাড়া অন্য কোনো পানীয় পান করেন না এমন ব্যক্তিদের কাছ থেকে সংগৃহীত তথ্য অনুসারে গবেষকেরা এ ফল পেয়েছেন।গ্লুকোমা ফাউন্ডেশনের তথ্য অনুসারে, পৃথিবীতে অন্ধত্বের দ্বিতীয় কারণ হচ্ছে গ্লুকোমা। এটা চোখের এমন একটি রোগ, যাতে চোখে প্রেশার বা চাপ বেড়ে চোখের পেছনের স্নায়ু অকার্যকর হয়ে ধীরে ধীরে দৃষ্টিশক্তি হ্রাস পেতে থাকে। চিকিত্সা করানো না হলে একপর্যায়ে চোখের স্নায়ু নিষ্ক্রিয় করে ফেলে গ্লুকোমা। এক্সফোলিয়েশন গ্লুকোমাকে অনেক সময় ‘এক্সফোলিয়েশন সিনড্রোম’ বলা হয়। এক্সফোলিয়েশন গ্লুকোমায় আক্রান্ত হলে চোখের লেন্সের সামনে ক্ষুদ্র খুশকির মতো দানা দেখা যায় এবং তা চোখের স্নায়ুগুলোর ওপর চাপ বাড়াতে থাকে। গবেষকেরা এক্সফোলিয়েশন গ্লুকোমার কারণ নির্ণয় করতে সক্ষম হননি, তবে এটি বংশগত থেকে আসতে পারে বলেই ধারণা করেন।গবেষকেরা জানিয়েছেন, কফির বেশ কিছু উপকারী গুণও রয়েছে, তবে অতিরিক্ত ক্যাফেইনযুক্ত কফি পানের সঙ্গে দৃষ্টিশক্তি খোয়ানোর বিষয়টির সরাসরি কোনো সম্পর্ক আছে কি না সে সম্পর্কে আরও নিশ্চিত হওয়া প্রয়োজন। বিষয়টি নিশ্চিত করা গেলে পারিবারিকভাবে যাঁদের গ্লুকোমায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি, তাঁদের ক্ষেত্রে কফি পানের মাত্রা কমানোর জন্য পরামর্শ দেওয়া যাবে।চিকিত্সকেরা পরামর্শ হিসেবে জানিয়েছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গ্লুকোমায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়তে থাকে। এ বিষয়টিতে কোনো ধরনের ব্যথার অনুভূতি না থাকায় অনেকেই গ্লুকোমায় আক্রান্ত হওয়ার বিষয়টি স্পষ্ট বুঝতে পারেন না। ৪০ বছরের পর থেকে প্রতি তিন থেকে পাঁচ বছর পর চোখের পরীক্ষা করানো উচিত; আর বয়স ৬০ বছর পার হলে প্রতিবছর একবার চোখের পরীক্ষা করিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের চক্ষুবিশেষজ্ঞরা। তাঁদের মতে, চোখে প্রদাহ বা আঘাত পেলে চিকিত্সকের পরামর্শ নেওয়া উচিত।