অতিরিক্ত ক্ষুদেবার্তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর!
মুঠোফোনে অতিমাত্রায় খুদেবার্তা (এসএমএস) আদান-প্রদান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন একজন মার্কিন চিকিৎসক। তিনি এ ক্ষেত্রে সন্তানদের ওপর নজর রাখার জন্য সব বাবা-মায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। স্কট ফ্র্যাঙ্ক নামের ওই চিকিৎসক সম্প্রতি ডেনভারে এক সংবাদ সম্মেলনে বলেন, মদ, ধূমপানে মাত্রাতিরিক্ত আসক্তি যেমন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তেমনি অতিরিক্ত খুদেবার্তা আদান-প্রদানও বিশেষ করে শিশু-কিশোরদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তিনি জানান, সম্প্রতি তিনি এ ব্যাপারে ২০টি স্কুলের ১৩ থেকে ১৮ বছর বয়সী চার হাজার স্কুলশিক্ষার্থীর ওপর জরিপ চালান। জরিপে দেখা গেছে, প্রায় ২০ শতাংশ শিশু দিনে ১২০টিরও বেশি এসএমএস পাঠায়। সমপরিমাণ এসএমএস তাদের মুঠোফোনে আসে। এসব শিশু মদ ও ধূমপানেও আসক্ত। কারও কারও মাদকেও আসক্তি রয়েছে। জরিপে আরও দেখা গেছে, প্রতি ১০টি শিশুর একটি তিন ঘণ্টারও বেশি সময় সামাজিক নেটওয়ার্কে সময় কাটায়। স্কট ফ্র্যাঙ্ক বলেন, জরিপের ফলাফল দেখে তিনি আতঙ্কিত। এসব শিশু যদি এই বয়সেই এভাবে সময় নষ্ট করে, তাহলে তারা পড়বে কখন? তাই তিনি স্কুলপড়ুয়া শিশুদের দিকে বাড়তি নজর দেওয়ার জন্য বাবা-মায়ের প্রতি আহ্বান জানান। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান