অথেনটেক কিনে নিচ্ছে অ্যাপল
অ্যাপল ইনকরপোরেটেড বায়োমেট্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান অথেনটেক কিনে নিচ্ছে। এ জন্য অ্যাপলকে গুনতে হবে ৩৫ কোটি ডলার। প্রায় দুই সপ্তাহ আগে অ্যাপল ও অথেনটেকের মধ্যে এ-সংক্রান্ত একটি চুক্তি হয়। অ্যাপল ইঙ্গিত দিয়েছে, অথেনটেক কিনে নেওয়ার পর তারা আগামীতে আঙুলের ছাপ ও চোখের কনীনিকা শনাক্তকরণের নতুন প্রযুক্তি উদ্ভাবন করবে। আঙুলের ছাপ শনাক্তকরণ প্রযুক্তি উদ্ভাবন করে অথেনটেক খ্যাতি অর্জন করে। প্রতিষ্ঠানটি কিনে নেওয়ার পর অ্যাপল তার পণ্যগুলোতে বিশেষ করে আইপ্যাড ও আইফোনে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করতে পারবে। মার্কিন বিনিয়োগকারী মাইকেল অবুচোস্কির মতে, মোবাইল প্রযুক্তির বাজারে প্রতিযোগিতা বাড়ছে। তাই পণ্যের মান উন্নয়ন করার জন্য অ্যাপল এখন ব্যাপক চাপের মুখে রয়েছে। এ কারণে অ্যাপল এই বায়োমেট্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, অ্যাপলের তৈরি আইফোনের বিক্রিতে এখন কিছুটা ভাটা পড়েছে। এ কারণে অ্যাপলের কর্মকর্তারা মনে করছেন, জরুরিভিত্তিতে নতুন মডেলের আইফোন তৈরি করতে হবে। এ ছাড়া ২৫ জুলাই শেয়ারবাজারে অ্যাপলের শেয়ারের দাম ৪ দশমিক ৩ শতাংশ পড়ে যায়। এ ঘটনাও অ্যাপলকে উদ্বেগের মুখে ফেলে দিয়েছে। —রয়টার্স অবলম্বনে রোকেয়া রহমান