অদম্য যাঁরা মেধাবী তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসির পর এইচএসসিতেও জিপিএ-৫ পেয়েছে এই সব অদম্য মেধাবী। ছবি: সাজিদ হোসেন
এসএসসির পর এইচএসসিতেও জিপিএ-৫ পেয়েছে এই সব অদম্য মেধাবী। ছবি: সাজিদ হোসেন

আমরা চার ভাইবোন। আমার বাবা শারীরিকভাবে অসুস্থ। আমার মা সেলাইয়ের কাজ করেন। কিন্তু তাতে সংসার চলে না। আমি স্কুলের ফাঁকে ফাঁকে দিনের বেলায় ইটের ভাটায় কাজ করতাম।’ বলছিলেন নওগাঁ কে ডি সরকারি উচ্চবিদ্যালয়ের বিধান কুমার। বিধান এ বছর এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন। অদম্য এই মেধাবীর লক্ষ্য, একজন আদর্শ মানুষ হওয়া।

শুধু বিধান নন, ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তি পাওয়া সবার চোখেই এখন বর্ণিল স্বপ্ন। কোনো অভাব, কোনো বাধা দমাতে পারেনি তাঁদের।

মাধ্যমিকের পর দরিদ্র মেধাবী ৫০ জনকে বাছাই করে শিক্ষাবৃত্তি দেয় ‘ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট’ অদম্য মেধাবী তহবিল। দুই বছর পর আবার সাফল্য। উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়া এই ৫০ জনের মধ্যে ২৬ জনই এবার এইচএসসিতেও জিপিএ-৫ পেয়েছেন। বাকিদের ফলাফলও জিপিএ-৫-এর কাছাকাছি।

উচ্চমাধ্যমিকে জিপিএ-৫ পাওয়া এই ২৬ জন অদম্য মেধাবীকে আবারও উচ্চশিক্ষা বৃত্তি দেবে ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল। তবে শর্ত একটাই, প্রত্যেককেই লড়াই করে টিকতে হবে উচ্চশিক্ষার বিদ্যাপীঠে।

এরই মধ্যে শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, ব্যাংকার, কৃষিবিদসহ নানা পেশায় যাওয়ার স্বপ্নে বিভোর এসব অদম্য মেধাবী। স্বপ্নের তরি বেয়ে যাওয়ার কত কত কথা তাঁদের! যেমন দিনাজপুরের মেহেদুল কবির, ‘আমার দিনমজুর বাবার মুখে হাসি ফোটাতে চাই। অনেক কষ্টে তিনি আমায় পড়াশোনা করাচ্ছেন। আমি বড় হয়ে প্রকৌশলী হতে চাই। বুয়েট কিংবা রুয়েট—এর যেকোনো একটিতে ভর্তি হতে চাই।’

পটুয়াখালীর আবিদা জান্নাত এসএসসির পর এইচএসসিতেও পেয়েছেন সাফল্য। তাই তাঁর আত্মবিশ্বাসও আকাশছোঁয়া, ‘আমি সামনের দিকে এগিয়ে যাবই। আমার সেই অন্ধকার মুহূর্তেই প্রথম আলো আমার পাশে দাঁড়ায় তাদের আলো নিয়ে।’

টেকনাফের (কক্সবাজার) মুক্তার আহমদ স্বপ্ন দেখেন একজন আদর্শ শিক্ষক হওয়ার। মুক্তার যেমনটি বলছিলেন, ‘আমি অ্যাকাউন্টিং অথবা ইংরেজিতে স্নাতক পড়ে শিক্ষকতা করতে চাই।’

ময়মনসিংহের মো. বিদ্যার কথায়ও উচ্ছ্বাস আছে, একই সঙ্গে আছে এক করুণ কাহিনি। গর্বের সঙ্গে বলেন বিদ্যা, ‘পড়াশোনার টাকা জোগাড় করতে ইটের ভাটায় কাজ করেছি। ধান রোপণ করতে গিয়ে বহুবার হাতে ব্যথা পেয়েছি। এখন মনে হয়, দুনিয়ায় এমন কোনো কাজ নেই, যা আমি পারব না।’

শুধু মুক্তার নন, এঁরা সবাই যেমন অদম্য মেধাবী, তেমনই অদম্য সংগ্রামী। তাঁদের সবার স্বপ্নই যেন আজ নতুন দিগন্তের খোঁজে। সেই দিগন্তযাত্রায় সবারই রয়েছে হার না-মানা, মাথা না-নোয়ানো জীবনসংগ্রামের গল্প।