অদ্বিতীয় অদ্বয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রঙের খেলায় মেতেছে বুয়েটের অদ্বয়
রঙের খেলায় মেতেছে বুয়েটের অদ্বয়

‘অদ্বয়’ কথাটির অর্থ হলো অদ্বিতীয়। পুরকৌশল বিভাগের শিক্ষার্থী জিমরান মোহাম্মদের রাখা এই নামের যথার্থতা রক্ষা করেই ২০০৯ সালের ২৮ মার্চ বুয়েটের আঙিনায় প্রকৌশলী হওয়ার স্বপ্নে যে ৯০০ শিক্ষার্থীর যাত্রা শুরু হয়েছিল, চার বসন্ত পেরিয়ে সেই যাত্রার এখন সমাপ্তি ঘটল।
‘অদ্বয়’–এর বিভিন্ন সময়ের আয়োজন ইতিমধ্যে তাদের বুয়েটের অন্যতম সেরা ব্যাচ হিসেবে প্রতিষ্ঠা করেছে। তার একটি ছিল ‘অদ্বয় র্যাগ কনসার্ট’ যেখানে শিরোনামহীন ছাড়াও অংশগ্রহণ করে ফাইভ কার্ডট্রিক, রেডিওএকটিভ ও ওয়ারফেজ।
বুয়েটে বৈশিষ্ট্য হলো, এখানে সব বিভাগ একসঙ্গে মিলিত হয়ে র্যাগ অনুষ্ঠান পালন করে। আগের ব্যাচের বিদায়ের পর প্রথম ক্লাসেই বেলুন উড়িয়ে শুরু হয় র্যাগের আনুষ্ঠানিকতা। কালচারাল আনপ্লাগডের মাধ্যমে র্যাগ ব্যাচ হিসেবে আত্মপ্রকাশ করে ’০৮। কিছুদিন পরে ‘অদ্বয় মিউজিকাল নাইট’-এর মাধ্যমে শেষ হয় শেষ বর্ষের প্রথম টার্ম। যে নাইটে অংশ নেয় পাওয়ার সার্জ, আরবোভাইরাস এবং এই ব্যাচের স্থাপত্যের শিক্ষার্থী ওয়াসিমুর আলমের ব্যান্ড রেডিওএকটিভ।
চতুর্থ বর্ষের শেষ টার্মের শুরুতেই চমক ‘ভবের বাউল, ভাবের বাউল’ শীর্ষক প্রোগ্রামের মধ্য দিয়ে বাউলিয় ঢঙে বিমোহিত হয় বুয়েট ক্যাম্পাস। সঙ্গে ছিল ‘মোহ’। এর কিছুদিন পর ক্যাফেটরিয়া প্রাঙ্গণে একে একে অনুষ্ঠিত হয় ‘অদ্বয় বার-বি-কিউ নাইট’, ‘কালচারাল আনপ্লাগড’ ও ‘ডিজে নাইট’। এর পরই আসে বুয়েটের ঐতিহ্যের একরকম অংশ হয়ে যাওয়া অন্যতম আকর্ষণীয় অনুষ্ঠান ‘রং, সং, ঢং’৷ সেখানে একে অপরকে রং ছিটিয়ে রং উৎসবের মাধ্যমে তাঁদের বর্ণিল বুয়েট জীবনের প্রতিচ্ছবি তুলে ধরেন ওই ব্যাচের শিক্ষার্থীরা। সব শেষে ছিল ‘গ্রাজুয়েশন নাইট’, বুয়েটজীবনের শেষ ক্লাসের পর এই নাইটের মধ্য দিয়েই সমাপ্তি ঘটে ’০৮ ব্যাচের র্যাগ প্রোগ্রামের। এই নাইটের প্রধান আকর্ষণ ছিল গ্র্যান্ড ডিনার ও ডিজে শো। এ ছাড়া বুয়েটের ঐতিহ্য মেনে ক্লাসের ফাঁকে ফাঁকেই চলতে থাকা র্যাগ ফুটবল, র্যাগক্রিকেট এবং র্যাগ ট্যুরে সেন্ট মার্টিন যাওয়ার অভিজ্ঞতা একটা মনে রাখার মতো বছরই উপহার দিয়েছে এই হবু প্রকৌশলীদের।
এ তো গেল শুধুই ব্যাচকে নিয়ে করা প্রোগ্রামের কথা। সমগ্র বুয়েটিয়ানের জন্য ২৬ মার্চ এই ব্যাচের তত্ত্বাবধানে পলাশীর মোড় থেকে বুয়েট শহীদ মিনার পর্যন্ত দেয়ালগুলোকে রাঙিয়ে তোলে বুয়েটের শিক্ষার্থীরা। আর বুয়েটের সাংস্কৃতিক ক্লাব মূর্ছনা, কণ্ঠ, ড্রামা সোসাইটি, ফিল্ম সোসাইটির সহায়তায় গত বছর বিজয় দিবসে তিন দিনব্যাপী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
এসব অনুষ্ঠানেরই সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যন্ত্রকৌশলের তানভীর আরাফাত, তড়িৎকৌশলের মেহেদি হাসান, পুরকৌশলের জিমরান ও রায়হানুল আলম, কেমিকৌশলের বাঁধন ভৌমিকসহ পুরো ’০৮ পরিবার।
রায়হানুল আলমের মতে, র্যাগের এই প্রোগ্রামগুলো সুসম্পন্ন করার সব কৃতিত্ব শুধু অামাদেরই নয়, পুরো বুয়েটিয়ানের।’ অপর দিকে জিমরানের বিশ্বাস, ‘আমাদের মধ্যে অনেকেই দূরদেশে পাড়ি জমাবে। কিন্তু আমাদের মধ্যে একাত্মতা আজীবন একই রকম থাকবে।’