অধিকৃত অঞ্চল শাসন করতে পারবে জঙ্গিরা?

কট্টর জিহাদি সশস্ত্র যোদ্ধারা সম্প্রতি সিরিয়া ও ইরাকের বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। কিন্তু তারা সেখানে নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে পারবে কি না, সেটিই এখন প্রশ্ন। বিশ্লেষকেরা বলছেন, কোনো ভূখণ্ড দখল করা এক বিষয়, আর সেটি শাসন করা অন্য বিষয়। কিন্তু ইরাক ও সিরিয়ার অভ্যন্তরীণ নানা সংকট ও দুর্বলতার কারণে ওই জিহাদিদের উত্থানের বিষয়টিকে সাময়িক বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। তাই প্রশ্ন জাগে, আসলেই কি দুটি দেশের অংশবিশেষজুড়ে ওই যোদ্ধাদের পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠিত হবে? ব্যাপারটি অবশ্য নির্ভর করছে বিভিন্ন বিষয়ের ওপর—স্থানীয় উপজাতিদের সমর্থন, অর্থনৈতিক সামর্থ্য, জ্বালানি ও পানি ব্যবহারের সুযোগ, ধর্মীয় গ্রহণযোগ্যতা ইত্যাদি।
সুন্নি জিহাদিদের স্বঘোষিত ‘খলিফা’ আবু বকর আল-বাগদাদিকে মুসলিম বিশ্ব গ্রহণ করবে কি না, সেটিও দেখার বিষয়।
ইসলামিক স্টেট অব দি ইরাক অ্যান্ড দ্য লেভান্ট (আইএসআইএল) নামের জিহাদি সংগঠনটির উত্থান গত মাসে শুরু হয় এবং একপর্যায়ে তারা ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দখল করে নেয়। সুন্নিপন্থী ওই যোদ্ধাদের একটি শক্ত ঘাঁটি রয়েছে সিরিয়ার পূর্বাঞ্চলে। এখন তারা ইউফ্রেটিস উপত্যকা ধরে বাগদাদের দিকে অগ্রসর হচ্ছে। সাময়িক হলেও তারা উল্লেখযোগ্য সামরিক সাফল্য পেয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি এবং অস্ত্রশস্ত্রের ব্যাপক ব্যবহারের সমন্বয়ে এটি সম্ভব হয়েছে। আর আইএসআইএল আগামীকালই ধ্বংস হয়ে গেলেও তাদের সাফল্যকে সামরিক ইতিহাসবিদেরা ভুলে যাবেন না। শিরশ্ছেদ, নির্যাতন করে হত্যা ও গণহারে হত্যাকাণ্ডের ভয়ংকর সব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে প্রতিপক্ষের মধ্যে একধরনের আতঙ্ক তৈরি করেছে আল-কায়েদার উত্তরসূরি ওই জঙ্গিরা। তাদের সংখ্যা প্রায় ১০ থেকে ১৫ হাজার বলে ধারণা করা হয়। সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, মাত্র ৮০০ যোদ্ধার প্রয়াসেই মসুল দখল করা হয়। তবে তাদের আকস্মিক ও প্রচণ্ড আক্রমণ প্রতিরোধ করা সরকারি সেনাদের জন্য সত্যিই কঠিন ছিল।
আইএসআইএলের কার্যক্রম অনেকটাই নির্ভর করছে স্থানীয় উপজাতি ও যোদ্ধাদের ওপর। তাদের সহায়তা ছাড়া মসুলের মতো প্রায় ২০ লাখ বাসিন্দার একটি শহর দখল করে নেওয়া ছিল আশাতীত ব্যাপার। মসুল থেকে প্রকাশিত সংবাদপত্র প্যান-আরব আশ-শারক আল-আওসাত-এর সম্পাদক মিনা আল-ওরাবি বলেন, ভূখণ্ড নিয়ন্ত্রণে আইএসআইএলের ক্ষমতার ভিত্তি হচ্ছে স্থানীয় জঙ্গিদের সঙ্গে সম্পাদিত নানা চুক্তি। কখনো ভয় দেখিয়ে ও কখনো স্বার্থরক্ষার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে এসব আর্থিক চুক্তি করা হয়েছে। দীর্ঘ মেয়াদে ক্ষমতা, শৃঙ্খলা ও আস্থা বজায় রাখতে হলে আইএসআইএলকে এসব চুক্তির বাইরে যেতে হবে।
জিহাদিরা সর্বশেষ ২০০৬ সালে শাসন করেছিল ইরাকের আনবার প্রদেশের অংশবিশেষ। তারা ছিল আইএসআইএলের পূর্বসূরি। জর্ডানের সাবেক কয়েদি আবু মুসাব আল-জারাকাওয়ির কঠোর ও নেতৃত্বে জিহাদিরা অধিকাংশ জনগণকে তখন প্রায় বিচ্ছিন্ন করে ফেলেছিল। তারা আনুগত্য স্বীকার করতে নারাজ সুন্নি শেখদের শিরশ্ছেদ করতেও অবিচল থাকে এবং শিয়া সম্প্রদায়ের অনেক মসজিদ ধ্বংস করে। এভাবে নানা বিতর্কিত কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা একটি গৃহযুদ্ধ বাধানোর চেষ্টা করে। এতে তাদের শাসনব্যবস্থা জনসাধারণের মন জয় করতে ব্যর্থ হয়। একসময় তারা মুসলিমদের ওপর নিপীড়ন বন্ধ করলেও কোনো সুফল পায়নি। কারণ, জারাকাওয়ি তাঁর ঊর্ধ্বতন নেতাদের নির্দেশ উপেক্ষা করতেন। অবশেষে জর্ডানের গোয়েন্দা বিভাগ তাঁকে খুঁজে বের করে। যুক্তরাষ্ট্রের এক বিমান হামলায় তিনি পরে নিহত হন।
আট বছর পর আইএসআইএলের জিহাদিরা প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির সরকারের নড়বড়ে অবস্থানের সুযোগ নিয়ে আনবার প্রদেশে দৃঢ়ভাবে ফিরে আসে। কিন্তু ওই জঙ্গিরা কি তাদের পূর্বসূরিদের ভুল থেকে শিক্ষা নিতে পেরেছে? সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় রাক্কা এলাকার বাসিন্দারা বলছেন, না। কারণ, জিহাদি শাসনাধীনে সাধারণ মানুষকে ছোটখাটো অপরাধের জন্য গুরুতর শাস্তি পেতে হয় এবং নারীদের ঘরে বন্দী থাকতে হয়। এ ছাড়া প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, অপহরণের মতো ঘটনা প্রশ্রয় পায় এবং বিভিন্ন ব্যবসার ওপর অন্যায্য কর আরোপ করা হয়।
তবে জঙ্গিরা ইতিমধ্যে এটা স্পষ্ট করে দিয়েছে যে তারা কেবল বর্বর সহিংসতা ও হুমকিকে অবলম্বন করেই টিকে থাকতে পারবে।
আশিস আচার্য, সূত্র: বিবিসি