
যুক্তরাজ্যের জুওলজিক্যাল সোসাইটি অব লন্ডন (জেএসএল) এবং যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বিশ্বের সবচেয়ে অনন্য বৈশিষ্ট্যের অধিকারী ও বিলুপ্তপ্রায় ১০০ প্রজাতির পাখি শনাক্ত করেছেন। তাঁরা সারা বিশ্বের ১০ হাজার প্রজাতির পাখির স্বতন্ত্র বৈশিষ্ট্য এবং তাদের বিলুপ্তির ঝুঁকি যাচাই করে দেখেন। তালিকার শীর্ষে রয়েছে জায়ান্ট আইবিস নামের একটি পাখি। এদের আবাস কম্বোডিয়া, লাওস ও ভিয়েতনাম এলাকায়। বিজ্ঞানীদের দাবি, এটিই বর্তমানে সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্যের পাখি এবং বেশি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। সংশ্লিষ্ট গবেষণা প্রকল্পের ব্যবস্থাপক কার্লি ওয়াটারম্যান বলেন, তাঁদের তালিকাভুক্ত ১০০টি প্রজাতি সংরক্ষণের বিষয়টি এখন পর্যন্ত তেমন গুরুত্ব পায়নি। অবিশ্বাস্য সুন্দর এবং ব্যতিক্রমী প্রজাতিগুলো রক্ষা করে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে জনসাধারণের সাহায্য প্রয়োজন। টেলিগ্রাফ।