অনলাইনের বিভিন্ন অ্যাকাউন্টে লগইন করতে যেসব ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করি, সেগুলো কোনো কারণে বেহাত হয়ে গেলেই বিপদ। চাইলে গুগল, মাইক্রোসফট কিংবা ফেসবুকের মতো গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে মোবাইল ফোনে আসা নিরাপত্তা কোড ব্যবহার করে দুই ধাপের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
গুগল অ্যাকাউন্টের নিরাপত্তা: প্রথমে google.com ওয়েব ঠিকানায় গিয়ে লগইন করে ওপরে ডান পাশের মেন্যু থেকে Account-এ ক্লিক করলে যে পেজ আসবে, তার বাঁ পাশের Security অপশনে ক্লিক করুন। এই পেজের একটু নিচে 2-step verification-এর পাশে এডিট লিংকে ক্লিক করার পর Start Setup বাটনে ক্লিক করে বক্সে দেশের নাম এবং মোবাইল নম্বর দিন। এর নিচে টেক্সট মেসেজ (এসএমএস) রেডিও বাটনে ক্লিক করে Send বাটন চাপুন। এন্টার ভেরিফিকেশন কোড বক্সে মোবাইলে আসা কোডটি বসিয়ে Verify চাপুন। বারবার কোড বসাতে না চাইলে Trust this compute বক্সে টিক দিয়ে নেক্সট চেপে কনফার্ম করুন।
মাইক্রোসফট অ্যাকাউন্টের নিরাপত্তা: account.live.com এই ওয়েব ঠিকানায় গিয়ে মাইক্রোসফটের অ্যাকাউন্টে লগইন করুন। বাঁ পাশের Secuirty info লিংকে ক্লিক করুন। এখানে পরিচয় নিশ্চিতকরণ হিসেবে মোবাইলের টেক্সট মেসেজ নির্বাচন করুন। মোবাইল ফোনে আসা নিরাপত্তা কোডটি পরের পেজে বসিয়ে নিচের I sign in... অপশনটিতে টিক দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। তাহলে বর্তমানে ব্যবহূত ডিভাইসে লগইন করলে বারবার কোড বসাতে হবে না।
ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা: ফেসবুকে লগইনের পর ওপরে ডান পাশের সেটিংস আইকনে ক্লিক করে সেখান থেকে Account Settings-এ ক্লিক করুন। তারপর বাঁ পাশের মেন্যু থেকে Security অপশনে ক্লিক করলে যে পেজটি আসবে, সেখানে Login Approvals সেকশন থেকে ডানের এডিট লিংকে ক্লিক করুন। এবার Require a security code to access... অপশনে টিক দিলে পপআপ মেন্যু আসবে। Get Started বাটনে ক্লিক করে পরের মেন্যুতে Other অপশনটি নির্বাচন করে কন্টিনিউ করুন। এখন কান্ট্রি কোড এবং ফোন নম্বর দিয়ে টেক্সট মেসেজ নির্বাচন করে কন্টিনিউ করুন। মোবাইল ফোনে আসা নিরাপত্তা কোডটি বসিয়ে Confirm চাপুন। বারবার কোড বসাতে না চাইলে নিজস্ব ডিভাইসে পরের বার লগইন করার সময় Save Browser অপশনটি নির্বাচন করে নিন। —মঈন চৌধুরী