অনলাইন কেনাবেচায় এখানেই ডটকমের উদ্যোগ

অনলাইন কেনাবেচার ক্ষেত্রে ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ ঝুঁকি কমাতে কিছু পদক্ষেপ নিয়েছে অনলাইনে পণ্য কেনাবেচার প্ল্যাটফর্ম ‘এখানেই ডট কম’। পণ্যের বিজ্ঞাপনের পাশাপাশি অনলাইনে কেনাবেচার ক্ষেত্রে বিভিন্ন পরামর্শও দেওয়া হচ্ছে এই ওয়েবসাইটে।
এখানেই কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অপরিচিত কাউকে টাকা না দেওয়া, রশিদ রাখা, লেনদেন চূড়ান্ত না করে পণ্য না পাঠানোর পরামর্শ দেওয়া হচ্ছে। এ ছাড়া নিরাপদ স্থানে লেনদেন, ব্যক্তিগত তথ্য জানানোর ক্ষেত্রে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। একইভাবে চোরাই পণ্য প্রতিরোধেও বেশ কিছু পরামর্শ দিয়েছে ‘এখানেই ডট কম’। প্রতারিত হলে দ্রুত ‘এখানেই ডট কম’কে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। সে সঙ্গে দেওয়া হয়েছে একটি হটলাইন নম্বর।
বিজ্ঞাপন পোস্ট করার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে এই সাইটটিতে। একই বিক্রেতা যদি একই পণ্যের বিজ্ঞাপন একাধিকবার পোস্ট করে, একটি বিজ্ঞাপনের মধ্যে একাধিক পণ্যের বিবরণী, সঠিক ছবি না দেয়া এরকম আরো বেশ কয়েক ধরনের পরামর্শ দেওয়া হয়েছে যেন কোন ধরনের জালিয়াতি না করা হয়। নিয়মের ব্যতিরেকে বিজ্ঞাপন পোস্ট করার চেষ্টা করা হলে সেই বিজ্ঞাপন বাতিলও করে দেওয়া হয়।
পণ্য কেনাবেচার রীতি বদলাচ্ছে। মুঠোফোন এবং ইন্টারনেট প্রযুক্তির বদৌলতে ঘরে বসেই কেনাবেচা করছে মানুষ। আর কেবল ব্যবসায়ী আর দোকানিরাই যে পণ্য বিক্রি করছেন তা নয়। প্রযুক্তি ব্যবহার করে যেকোনো পেশার মানুষ নতুন-পুরোনো পণ্য বিক্রি করতে পারছেন খুব সহজে। আবার দরদাম মিলে গেলে পুরোনো পণ্যও কিনে ব্যবহার করছে। এ ধরনের কেনাবেচা নিয়ে কাজ করে এমন বেশ কয়েকটি ওয়েবসাইট জনপ্রিয় হচ্ছে। মুঠোফোন আর ইন্টারনেটের সহজপ্রাপ্যতা এ ধরনের ওয়েবসাইট ব্যবহার করে পণ্য বেচা কেনাকে আরও জনপ্রিয় করেছে। যা কেবল রাজধানী নয় ছড়িয়ে পড়েছে সারাদেশের প্রত্যন্ত অঞ্চলেও।
এখানেই ডটকমের পরিচালক আরিল ক্লোকারহৌগ বলেন, ‘চুরি করা পণ্য বিক্রি এবং জালিয়াতি রোধে ‘এখানেই ডটকম’ অত্যাধুনিক ও অভিনব সফটওয়্যার ব্যবহার করবে। এছাড়াও ওয়েবসাইটটির দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত মডারেটররা অভিজ্ঞতার আলোকে প্রতিটি আপলোড করা বিজ্ঞাপন যাচাই বাছাই করে থাকে। কেবল তাই নয়, সন্দেহজনক বিজ্ঞাপনকে বাতিলও করে দেয়।’
ক্লোকারহৌগ আরও বলেন, ‘এখানেই ডট কমে বিনামূল্যে বিজ্ঞাপন দেওয়া যায়। আমরা সবাইকে বলতে চাই, আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকুন না কেন, আপনি ‘এখানেই’ আছেন।’