অনলাইন নিরাপত্তায় ডিসকানেক্ট অ্যাপ
অনলাইনে বিভিন্ন সেবা বা সুবিধা নিতে গিয়ে তথ্য কতটা নিরাপদ থাকছে তা নিয়ে ব্যবহারকারীদের মনে বরাবরই শঙ্কা রয়েছে। নিরাপত্তাহীনতা থেকে কিছুটা মুক্তি পেতে অনেকেরই শেষ ভরসা ‘ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন’-এর ওপর। সম্প্রতি নিউইয়র্ক টাইমস এমন একটি অ্যাপের নাম প্রকাশ করেছে, যেটি একসঙ্গে একাধিক সুবিধা দেবে। ‘ডিসকানেক্ট’ নামের অনলাইন নিরাপত্তামূলক অ্যাপটি ভিপিএনের পাশাপাশি অনলাইনে অনুসরণ করাও প্রতিরোধ করবে। আজীবন মেয়াদের এই ডিসকানেক্ট অ্যাপের মূল্য ৫০০ ডলার হলেও ৯০ শতাংশ ছাড়ে ম্যাশেবল শপে অ্যাপটি পাওয়া যাবে ৪৯ ডলারে। যেকোনো অপারেটিং সংস্করণের কম্পিউটার ও স্মার্টফোনে ব্যবহার করা যাবে অ্যাপটি। এই অ্যাপের কয়েকটি সুবিধা তুলে ধরা হলো:
ব্রাউজারের গতি বাড়ায়: সাধারণত ভিপিএন ব্যবহারে অনলাইনের মূল গতি হ্রাস পায়। কেননা ভিপিএন নকল আইপি তৈরির মাধ্যমে ব্যবহারকারীর পরিচয় গোপন রাখে। ডিসকানেক্ট অ্যাপ ট্র্যাকার ব্লকিং এবং ম্যালওয়্যার শনাক্তকরণের মাধ্যমে ব্রাউজিং গতি বৃদ্ধি করতে সাহায্য করে। ইন্টারনেটে হ্যাকারদের ছড়িয়ে দেওয়া ট্র্যাকারগুলো প্রতিরোধের মাধ্যমে অ্যাপটি ৩৯ ভাগ কম ব্যান্ডউইট্থ ব্যয় করে ৪৪ শতাংশ ব্রাউজিং গতি বৃদ্ধিতে সক্ষম।
ডেটা নিরাপদ রাখে: ডিসকানেক্ট অ্যাপে রয়েছে ওয়াই-ফাই সংযোগকে নিরাপদ রাখার সুবিধা। তারবিহীন ইন্টারনেট সংযোগে ব্যবহারকারীর সংবেদনশীল তথ্যগুলোকে সাইবার অপরাধীদের আক্রমণ থেকে নিরাপদে রাখতে অ্যাপটি ব্যবহারকারীর আইপি পরিবর্তন করে দেয়।
পরিচয় গোপন রাখে: ব্যবহারকারীর আইপি পরিবর্তনের পাশাপাশি, অবস্থান এবং পরিচয়ও গোপন রাখে।
নামানোর ঠিকানা: https://goo.gl/nprhV7
সূত্র: ম্যাশেবল