অনলাইন পরিচয়পত্র তৈরির পরামর্শ দিলহোয়াইট হাউস
মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস ইন্টারনেটে ব্যবসা পরিচালনার জন্য অনলাইন পরিচয়পত্র তৈরির পরিকল্পনা প্রকাশ করেছে। গত শুক্রবার হোয়াইট হাউস এই পরিকল্পনার কথা প্রকাশ করে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে বলেছেন, ‘অনলাইনে ব্যবসা বাণিজ্য ও লেনদেন আরও নিশ্চিন্তে ও বিশ্বাসযোগ্যভাবে করার জন্য আমরা এই অনলাইন পরিচয়পত্র তৈরির জন্য পরামর্শ দিচ্ছি। এতে করে গ্রাহকেরা অনলাইন ব্যবসায়ীদের ওপর আস্থা রাখতে পারবেন। সাইবার অপরাধও ঠেকানো যাবে।’ তিনি বলেন, ‘আমাদের অর্থনীতি চাঙ্গা করার জন্য এমন উদ্যোগ নেওয়া অতি গুরুত্বপূর্ণ।’ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্ট্র্যাটেজি ফর ট্রাস্টেড আইডেনটিটিজ ইন সাইবারস্পেস (এনএসটিআইসি) প্রথম নিরাপদ ও বিশ্বাসযোগ্য অনলাইন পরিচয়পত্র তৈরির প্রস্তাব করে। তবে এই পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্রের সমার্থক নয়। এনএসটিআইসি বলেছে, যে কেউ এই পরিচয়পত্র নিতে পারবে। এ জন্য অবশ্য তাদের সরকারের কাছে আবেদন করতে হবে। এই পরিচয়পত্রের মাধ্যমে অনলাইন ব্যবহারকারীরা ব্যাংকিংসহ তাদের গুরুত্বপূর্ণ লেনদেন নিরাপদে করতে পারবে। যেকোনো ওয়েবসাইটে প্রবেশের ক্ষেত্রেও এই প্রবেশপত্র কাজে আসবে। তবে তার মানে এই নয় যে যাদের পরিচয়পত্র নেই তারা প্রবেশ করতে পারবে না। আসলে এ রকম পরিচয়পত্র তৈরির মূল উদ্দেশ্য হলো অনলাইনে গ্রাহকের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা নিশ্চিত করা। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান।