অনলাইন পেশাজীবীদের প্রথম সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তরুণ অনলাইন পেশাজীবীদের সঙ্গে জুনাইদ আহমেদ। ছবি: বেসিসের সৌজন্যে
তরুণ অনলাইন পেশাজীবীদের সঙ্গে জুনাইদ আহমেদ। ছবি: বেসিসের সৌজন্যে

সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক গ্রুপ বাংলাদেশ ইন্টারনেট প্রফেশনালস কমিউনিটির (বিআইপিসি) আয়োজনে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো অনলাইন তরুণ পেশাজীবীদের সম্মেলন। হাজারেরও বেশি পেশাজীবী তরুণ এই সম্মেলনে অংশ নেন। সম্মেলন থেকে তরুণ পেশাজীবীদের সুবিধার্থে অর্থ লেনদেন প্রতিষ্ঠান পেপ্যালের সেবা চালু করতে সরকারকে যথাযথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

আজ শুক্রবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চের কাজী বশির উদ্দিন মিলনায়তনে সকাল ১০টায় সম্মেলন শুরু হয়। প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।

বিআইপিসির এ সম্মেলনের আহ্বায়ক আবুল কাশেম বলেন, বর্তমানে দেশে অনলাইনের প্রায় সাত লাখ পেশাজীবী রয়েছে। এতদিন কেবল তাঁরা অনলাইনেই যোগাযোগ করেছেন। পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, সফলদের দিকনির্দেশনা পাওয়ার বিষয় ও সম্পর্ককে আরও জোরদার করতে এই সম্মেলনের আয়োজন করা হয়।

জুনাইদ আহমেদ বলেন, ‘ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসেই তরুণ পেশাজীবীরা বিশ্বকে পরিচালনা করছেন। তরুণ পেশাজীবীদের দক্ষ করে তুলতে নানা কর্মসূচি হাতে নিয়েছি। তাঁদের হাত ধরেই ডিজিটাল হচ্ছে বাংলাদেশ।’ ২০১৭ সালের মধ্যে ইউনিয়ন পর্যায়ে উচ্চগতির ইন্টারনেট সংযোগ পৌঁছাতে সরকারের পরিকল্পনার কথা জানান তিনি। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনের মিলনায়তন ইন্টারনেট পেশাজীবীদের যেকোনো কাজে ব্যবহারের সুযোগের তিনি আশ্বাস দেন ।

অনলাইন পেশাজীবীদের সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছবি: বেসিসের সৌজন্যে
অনলাইন পেশাজীবীদের সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছবি: বেসিসের সৌজন্যে

অনুষ্ঠানে সিলিকন ভ্যালি থেকে ভিডিও কনফারেন্সে বেসিস সভাপতি শামীম আহসান বলেন, আন্তর্জাতিক মানে নিজেদের প্রস্তুত করতে তরুণ পেশাজীবীদের প্রয়োজনীয় সুযোগ দেবে বেসিস।
সম্মেলনের অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে বিজনেস লিডার, সোশ্যাল আমব্রেলা, রিকগনিশন অব কন্ট্রিবিউশন, নেটওয়ার্কিং, স্পনসর শোকেস, মিট দ্য আইকন, গেমস ও র‌্যাফেল ড্র।
সম্মেলনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর, বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল টি আহমেদ ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের সভাপতি মোহাম্মদ খান বক্তব্য রাখেন।
সম্মেলন সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে কনফারেন্সের ওয়েবসাইট www.bipcConference.com এবং ফেসবুক পেজ www.facebook.com/groups/virtualbipc/ এ।