অনলাইন প্রচারণায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এবার ইন্টারনেটে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন। ভোটারদের টানতে রাজাপক্ষের অন্যতম প্রতিদ্বন্দ্বী সাবেক সেনাপ্রধান শরত ফনসেকাও ইন্টারনেটে প্রচারণা শুরু করেছেন। এই দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী নিজস্ব ব্লগ ছাড়াও সামাজিক নেটওয়ার্কিং সাইট ফেসবুকের মাধ্যমে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন এবং তাঁদের ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। এ ছাড়া সমর্থকদের কাছে ই-মেইলের মাধ্যমে শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন।শ্রীলঙ্কার মোরাতুয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক চন্দনা গোমেজ গত রোববার সানডে টাইমস পত্রিকাকে জানান, শ্রীলঙ্কার আগের নির্বাচনগুলোতেও প্রার্থীরা ইন্টারনেটে প্রচারাভিযান চালিয়েছেন। তবে তা সীমাবদ্ধ ছিল ই-মেইলের মধ্যে। তবে এবারের প্রচারণা অনেক বেশি সুসংগঠিত। চন্দনা গোমেজ বলেন, ইন্টারনেট বা সাইবার জগত্ অনেক সময়ই মানুষকে শিক্ষিত করার পরিবর্তে তাদের ভুল তথ্য সরবরাহ করে। তিনি দেশের জনগণ, এনজিও এবং সুশীল সমাজের সদস্যদের সুস্থ সাইবার সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখার আহ্বান জানান, যেখানে জনগণকে ভুল পথে পরিচালিত করার কাজে প্রযুক্তিকে ব্যবহার করা হবে না। —এএফপি অবলম্বনে রোকেয়া রহমান