অনলাইন বিজ্ঞাপনে গুগল ফেসবুক এক জোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
logo
logo

এবার অনলাইন বিজ্ঞাপন দুনিয়ায় জোট বেঁধে কাজ করবে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল এবং সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক। সম্প্রতি এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে গুগল। এ কার্যক্রমের আওতায় গুগলের নিজস্ব বিজ্ঞাপনী সেবা ডবলক্লিকে (www.google.com/doubleclick) ফেসবুকের বিজ্ঞাপন প্রদর্শিত হবে। মূলত অন্যান্য মাধ্যমের মতো করে বিজনেস টু কনজ্যুমার (বিটুসি) পদ্ধতিতে বিজ্ঞাপন প্রচারের অংশ হিসেবে এ কৌশল নেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রযুক্তি দুনিয়ার দুই শীর্ষ প্রতিদ্বন্দ্বীর এমন মিলন অনলাইন বিজ্ঞাপন-বাণিজ্যে নতুন এক মাত্রা যোগ করবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। এমনিতেই অনলাইন বিজ্ঞাপনের বড় অংশের নিয়ন্ত্রণ গুগলের হাতে। এবার তার সঙ্গে যুক্ত হলো ফেসবুক। ভবিষ্যতে অনলাইন বিজ্ঞাপনের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ যে সত্যিকার অর্থেই গুগল ও ফেসবুকের হাতে থাকবে, সে আভাসই পাওয়া যাচ্ছে। এমনিতে বিভিন্ন বিষয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও বিজ্ঞাপনে প্রচার করে নিজ নিজ প্রতিষ্ঠানের আয় বাড়ানোর পথ হিসেবে গুগল আর ফেসবুকের এমন জোটবদ্ধ প্রয়াস।
এরই মধ্যে গুগলের শেয়ারপ্রতি দামও বেড়েছে। এর পরেই এমন ঘোষণায় শেয়ারের দাম বেড়েই চলছে।
একই অবস্থা ফেসবুকেরও। এ ঘোষণা নাড়িয়ে দিয়েছে শেয়ারবাজারে থাকা দুই শীর্ষ প্রতিষ্ঠানের শেয়ারের বিষয়কেও।
বিজ্ঞাপনের এ সিদ্ধান্তের ব্যাপারে গুগলের জ্যেষ্ঠ পণ্য ব্যবস্থাপক পয়াম শোদজাই জানান, গুগল আর ফেসবুকের এ যৌথ অংশীদারির ফলে উভয় পক্ষই দারুণভাবে লাভবান হবে। ফেসবুকের সঙ্গে এ চুক্তির ফলে আরও বিস্তৃত পর্যায়ে বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগ বাড়বে বলেও জানান তিনি। তবে গুগলের বিজ্ঞাপনী সেবায় ফেসবুকের এ সুবিধা যুক্ত হলেও ফেসবুকে এখনো গুগলের বিজ্ঞাপন দেখানোর ব্যাপারে কোনো আলোচনা হয়নি।
—টেকক্র্যাঞ্চ ও ওয়াল স্ট্রিট জার্নাল অবলম্বনে কাজী আলম