অনলাইন ব্যবসা নিয়ে তথ্যচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যচিত্রের একটি দৃশ্য
তথ্যচিত্রের একটি দৃশ্য

মুঠোফোনের বা কম্পিউটারের দু-একটা বোতাম চাপলেই পণ্য চলে আসবে আপনার দুয়ারে। শুধু ই-কমার্স নয়, এর বাইরেও ইন্টারনেটে আছে নানা ধরনের ব্যবসা। আপনার চারপাশেই ছড়িয়ে আছে সেসব ব্যবসার কৌশল। বুদ্ধি করে নেমে যেতে পারেন নতুন কোনো ধারণা নিয়ে। তবে যেকোনো ব্যবসা শুরু করতে চাইলে দরকার নানা ধরনের পরামর্শ। অনেক সময় অফিসের জন্য জায়গা বা কৌশলের অভাবেও অনেকে শুরু করতে পারেন না। তাঁদের পাশে দাঁড়াতে চায় অনলাইন স্বেচ্ছাসেবী সংগঠন স্টার্টআপ ঢাকা ডটকম (startupdhaka.com)। এরই মধ্যে তারা একটি তথ্যচিত্রের কাজ শুরু করেছে, যেটি আগামী নভেম্বরে উন্মুক্ত হবে ইউটিউবে।
স্টার্টআপ ঢাকা নামের এই তথ্যচিত্রে থাকছে ইন্টারনেট ব্যবসার নানা কৌশল আর এই খাতে সফল মানুষের শুরুর গল্প নিজের জবানিতে। স্টার্টআপ ঢাকা ডটকমের প্রতিষ্ঠাতা ও তথ্যচিত্রটির পরিচালক মোস্তাফিজুর খান বলেন, ‘আমাদের দেশে অনলাইন ব্যবসার সুযোগ প্রচুর। এখন স্মার্টফোন দিয়েও আমরা শুরু করতে পারি নানা ধরনের ব্যবসা। উদ্যোক্তাদের উৎসাহী করতে নানা ধরনের তথ্য দিয়ে আমরা বানাচ্ছি এই তথ্যচিত্র।’

চলছে তথ্যচিত্র তৈরির কাজ
চলছে তথ্যচিত্র তৈরির কাজ

কোন কোন বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে এই তথ্যচিত্র, জানতে চাইলে মোস্তাফিজুর খান বলেন, ‘তথ্যচিত্রে থাকছে বাংলাদেশে অনলাইন ব্যবসায় সফল হওয়া স্টার্ট অব ফাউন্ডারদের কথা। তারা কীভাবে শুরু করেছে বা কোন ধরনের চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছেন—এসব বিষয়। এরপর দেখা যাবে, অনলাইন ব্যবসায় বিনিয়োগকারীরা কী চান, কোন বিষয়ের ওপর ভিত্তি করে তাঁরা বিনিয়োগ করে থাকেন এবং দেশে বিভিন্ন সংগঠন, যারা তথ্যপ্রযুক্তি নিয়ে নানা প্রতিযোগিতাসহ বিভিন্ন কাজ করছে, তাদের প্রচেষ্টা।’
নতুন উদ্যেক্তাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতি উৎসাহ জোগাতে গিয়েই জন্ম হয় স্টার্টআপ ঢাকা ডটকমের। মোস্তাফিজুর খান ছাড়াও এই প্রচেষ্টায় সহপ্রতিষ্ঠাতা হিসেবে পাশে এসে দাঁড়ান ফাইয়াজ তাহের, সামাদ মিরলে, রিয়াদ হোসেন, সাজিদ ইসলাম ও নাশিদ ইসলাম। নিজেদের মেধা আর প্রচেষ্টা দিয়ে তাঁরা গড়ে তুলছেন এই প্রতিষ্ঠান, যার উদ্দেশ্য দেশে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা।