অনলাইন মার্কেটপ্লেস নিয়ে সেমিনার

বাংলাদেশে ক্রমশ অনলাইনে পণ্য কেনা-বেচার প্ল্যাটফর্মগুলো জনপ্রিয় হচ্ছে। প্রচলিত কেনা-কাটার পাশাপাশি মানুষ এখন অনলাইনেও বিভিন্ন ব্যবহূত পণ্য সামগ্রী কেনা-বেচাতে ঝুঁকছেন। ভবিষ্যতে ইন্টারনেট ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ আরও বেশি অনলাইনমুখী হবে। সম্প্রতি অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকম আয়োজিত এক সেমিনারে এই তথ্য তুলে ধরেন সল্ট সাইড টেকনোলজিসের বিপণন প্রধান বাবাক টিগনার্ভাড। সল্ট সাইড টেকনোলজিস বিক্রয় ডটকমের মূল কোম্পানি।
বাবাক টিগনার্ভাড বলেন, ‘ইউরোপের অভিজ্ঞতা দেখে দেখেছি মানুষ এখন ছাপা মাধ্যমের চেয়ে অনলাইন মাধ্যমে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন। বাংলাদেশে ইন্টারনেটের ব্যবহার আরও বাড়বে। এ ছাড়াও মানুষ এখন মোবাইল ফোনসহ ডিজিটাল যন্ত্রে আগ্রহী হচ্ছে। ভবিষ্যতে তাই ডিজিটাল মার্কেটিং বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’
বাবাক আরও বলেন, বড় প্রতিষ্ঠানগুলোর জন্য কার্যকরভাবে সঠিক সময়ে সঠিক গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দিতে অনলাইন মার্কেটিং ব্র্যান্ডিং হিসেবে কাজ করে। এ পদ্ধতি ব্যবহার করে বাংলাদেশের বিক্রয় ডট কম, শ্রীলঙ্কার ইকমান ডট ইক, ঘানার টোনাটন ডট কম তৈরিতে সফল হয়েছেন তারা।
বিক্রয় ডট কমের বিপণন ব্যবস্থাপক ঈশিতা শারমিন বলেন, এখন অনলাইন মার্কেটপ্লেস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করছি। অনলাইন মার্কেটপ্লেসে পণ্য দেখে কেনা কাটার সময় যাতে প্রতারণার মুখে না পড়তে হয় সে বিষয়েও সবাইকে সচেতন হতে হবে।