অনলাইন শপিং নিয়ে ব্লগিং প্রতিযোগিতা

অনলাইন শপিং সম্পর্কে বাংলাদেশের মানুষকে ইতিবাচক ধারণার দেওয়ার পাশাপাশি সচেতনতা সৃষ্টি ও অনলাইন কেনাকাটায় আগ্রহী করতে ব্লগিং প্রতিযোগিতার আয়োজন করেছে ই-কমার্স ওয়েবসাইট প্রিয়শপ ডটকম। সবার জন্য উন্মুক্ত এই প্রতিযোগিতায় অনলাইনে কেনাকাটার উপর ৪৫০ শব্দে যেকোনো ব্লগ লিখে যেকোনো ব্লগ সাইটে পোস্ট করা যাবে।
৩১ আগস্ট রোববার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) বোর্ডরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্লগিং প্রতিযোগিতা সম্পর্কে জানান প্রিয়শপ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রিয়শপ ডটকমের সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ রোমেল ডি রোজারিও, ডেভসটিম লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা নাসির উদ্দিন শামীম।
আশিকুল আলম খান জানান, দেশে ই-কমার্স ওয়েবসাইটের পরিমাণ বাড়ছে। কিন্তু এখনও জনপ্রিয় হয়ে ওঠেনি অনলাইনে কেনাকাটার এই মাধ্যমটি। অনলাইন পেমেন্ট, আর্থিক নিরাপত্তাসহ নানা কারণে এখনও মানুষ অনলাইনে কেনাকাটা করতে ততটা আগ্রহী নয়। কিন্তু প্রকৃতপক্ষে যারা ব্যবসা করছেন তাঁরা গ্রাহকদের এসব স্বার্থ মেনেই করছেন। আর বিষয়টি সাধারণ মানুষকে বোঝাতে ও ভোগান্তি ছাড়াই অনলাইনে কেনাকাটার প্রতি আগ্রহী করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আশিকুল আলম খান জানান, ব্লগিং প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসেবে থাকছে সঙ্গীসহ থাইল্যান্ডে ৪ রাত ৫ দিন ঘুরে আসার সুযোগ। এছাড়া স্মার্টফোন, ট্যাবলেটসহ সেরা ২০ লেখকের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এই প্রতিযোগিতা চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।
প্রকাশিত লেখার লিংক প্রিয়শপ ডটকমের প্রতিযোগিতার পেইজে সাবমিট করতে হবে। কনটেন্টের টাইটেল, থিম উপস্থাপন, প্রিয়শপ ডটকমকে উপস্থাপন, পরিচিতির ধরন ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে প্রথম ৪০ জনকে নির্বাচিত করা হবে। এরপর সেরা লেখাগুলো ফেসবুকে শেয়ার করা হবে। লেখার মানের উপর ভিত্তি করে বিচারকদের রায় এবং সোশাল মিডিয়ায় লাইক ও শেয়ারের ভিত্তিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও সেরা ২০ জনকে নির্ধারণ করা হবে। নভেম্বরে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এই আয়োজনের সহযোগিতায় রয়েছে বিডিওএসএন, ডেভসটিম লিমিটেড ও পরামর্শ ডটকম।