অনলাইন শ্রেণীকক্ষ চালুর উদ্যোগ
গ্রামীণফোন জাগো ফাউন্ডেশনের সহায়তায় শহরতলি ও গ্রামাঞ্চলে অনলাইন ক্লাসরুম নামে এক প্রকল্প চালু করতে যাচ্ছে। সম্প্রতি গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা টোরে জনসন এবং জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাকশান্দ এ-সংক্রান্ত একটি চুক্তিপত্রে সই করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব করপোরেট রেসপনসিবিলিটি দেবাশীষ রায়। খবর বিজ্ঞপ্তির। অনলাইন ক্লাসরুমের মূল বিষয়টি হচ্ছে শহরতলি বা গ্রামের একটি স্কুলের শ্রেণীকক্ষকে শহরের একটি স্কুলের শ্রেণীকক্ষের সঙ্গে ইন্টারনেটে ভিডিও সম্মেলনের সঙ্গে সংযুক্ত করা হবে। দুই প্রান্তের ক্লাসই একজন শিক্ষক পরিচালনা করবেন এবং এ ক্ষেত্রে প্রয়োজনীয় বইপত্র ও অন্যান্য শিক্ষার উপকরণ সরবরাহ করা হবে।গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা টোরে জনসন বলেন, ‘অনলাইন ক্লাসরুম বাংলাদেশে যদি সাফল্যের সঙ্গে পরিচালনা করা যায়, তবে শিক্ষার মানই শুধু বাড়বে না, পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গঠনের পথেও কয়েক ধাপ এগিয়ে যাবে দেশ।’প্রকল্পটি প্রাথমিকভাবে পাইলট আকারে পরিচালিত হবে। গ্রামীণফোন বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে অবস্থিত এর চারটি আলোকদ্বীপে (ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও স্কুল) এই প্রকল্পটি পরিচালনা করবে। পাইলট পর্যায়েও সঙ্গে থাকবে জাগো ফাউন্ডেশন। বর্তমানে জাগো ফাউন্ডেশন বস্তিবাসী শিশুদের জন্য তিনটি স্কুল পরিচালনা করছে। এর একটি রায়েরবাজার ও অন্যটি বনানীতে অবস্থিত। তৃতীয় স্কুলটি শিগগিরই টঙ্গীতে চালু করা হবে। পরীক্ষামূলক অনলাইন ক্লাসরুম জাগো ফাউন্ডেশনের রায়েরবাজার ও টঙ্গী স্কুলে চালু করা হবে।